২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিংক সিটি ক্রিকেট মেধার খোঁজে প্রতিযোগিতা থেকে ৭৩ ক্রিকেটার বাছাই

‘পিংক সিটি ক্রিকেট মেধার খোঁজে’ কর্মসূচির দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতার জন্য প্রায় ১৪ হাজার প্রতিযোগির মধ্যে থেকে ৭৩ জনকে নির্বাচিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

পিংক সিটি ক্রিকেট মেধার খোঁজে (পিংক সিটি ক্রিকেট ট্যালেন্ট হান্ট)’র আয়োজকরা শুক্রবার এ তথ্য জানান।

ঢাকা রিপোটার্স ইউনিটিতে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, বাছাইকৃতদের মধ্যে ২৬ জন প্রেসার, ২৬ জন ব্যটসম্যান, ১২ জন স্পিনার, ৭ জন উইকেট কিপার এবং ২ জন উইকেট কিপার কাম ব্যাটসম্যান।

ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ৫পি, রিয়েল এস্টেট কোম্পানি পিংক সিটি এবং মার্কেটিং কোম্পানী এ-১ হাসান’র যৌথ সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিসিডব্লিউএ) ‘ পিংক সিটি ক্রিকেট মেধার খোঁজে ’ কর্মসূচির আয়োজন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্যালেন্ট হান্ট কর্মসূচির উপদেষ্টা জালাল আহম্মেদ চৌধুরী, দিপু রায় চৌধুরী, বিসিডব্লিউএ’র সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিক্রেট দলের অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয় এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী ৫পি’র পরিচালক লুৎফুল্লাহ কবীর পাভেল।

সংবাদ সম্মেলনে জালাল আহম্মেদ চৌধুরী বলেন, ১৪ হাজার প্রতিযোগির মধ্যে থেকে মাত্র ৭৩ জনকে বাছাই করা আমাদের জন্য খুব কঠিন কাজ ছিলো এবং আমাদের বিশ্বাস, জাতীয় ক্রিকেটার ও কোচদের সমন্বয়ে গঠিত বাছাই কমিটি সঠিক মেধাকেই নির্বাচিত করেছেন।

দূর্জয় বলেন, ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আমরা ১৭ জুলাই থেকে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা শুরু করবো এবং চার দিন ধরে পর্যবেক্ষণের পর ১৫ জনকে চূড়ান্ত বাছাই করা হবে। ৩০ জুলাই ১৫ জন ক্রিকেটারকে নিয়ে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শুরু হবে বলে জানান তিনি।

সুজন বলেন, যদি তারা আগামীতে উন্নততর প্রশিক্ষণ পায়, তাহলে এই কর্মসূচির মাধ্যমে দেশ সাত থেকে আট জন ক্রিকেটার পাবে।

পাভেল বলেন, বাছাই চলাকালে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এমন ৭ থেকে ১৩ বছর বয়সী খেলোয়ারদের তারা তালিকাভূক্ত করেছেন এবং তাদের এই ক্ষুদে ক্রিকেটারদের সাথে কাজ করার পরিকল্পনা রয়েছে।