২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে বোমা হামলার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে সংশয়

বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে সন্ত্রাসী বোমা হামলার কারণে এই বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

মুম্বাইয়ের কয়েকটি রেলস্টেশনে সংগঠিত এই ভয়ংকর ও নির্মম সন্ত্রাসী বোমার কারণে টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দেশগুলো আবারও বোমা হামলা হওয়ার আশঙ্কায় টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার চিন্তা করছে।

অস্ট্রেলিয়ান ক্রিকেটারস এসোসিয়েশনের প্রধান নির্বাহি পল মার্শ জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি আসরে অংশ গ্রহণের আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের সাথে অসি ক্রিকেটারস এসোসিয়েশনের কর্মকর্তারা ভারত সফরে যাবেন এবং এরপরই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া দলের অংশগ্রহণের বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা আরও বড় ধরনের বোমা হামলা করতে পারে এবং যে কোনও স্থানে মানুষ জীবন হারাতে পারে। অসি খেলোয়াড়দের সাবধানতা অবলম্বনের জন্য সব কিছু করা হবে।

অস্ট্রেলিয়ানরা বিভিন্ন দেশ সফরে সব সময়ই নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে থাকে। মাঠে খেলোয়াড়দের নিরাপত্তার কারণ দেখিয়ে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও পাকিস্তান সফর বাদ দিয়েছিল অসিরা।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)’র চেয়ারম্যান ও’কনর ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে একটি পত্রের মাধ্যমে সহানুভূমি ও শোক প্রকাশ করেন।