ইটালি চর্তুথবারের মতো বিশ্বচ্যাম্পিয়ান; ইটালি - (১)৫ -- ৩(১) - ফ্রান্স
সকল অপেক্ষার অবসান ঘটিয়ে জার্মানির বার্লিনে ১৮তম বিশ্বকাপের শিরোপা নির্ধারনী ফাইনালে ইটালি টাইব্রেকারে ফ্রান্সকে ৫ -- ৩ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ফিফা বিশ্ব চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।
আজ্জুরি অধিনায়ক ফ্যাবিও ক্যান্ন্ভারোর হাতেই শেষপর্যন্ত শোভা পেয়েছে অনিন্দ্যসুন্দর বিশ্বকাপটি। আর এই পরাজয় ও নিজের লজ্জাজনক বহিষ্কারের মধ্য দিয়ে ফ্রান্সের অধিনায়ক জিনেদিনে জিদান আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন।
খেলার ৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন জিনেদিনে জিদান। ফরাসিরা সম্মিলিতভাবে প্রতিপক্ষের বিপদসীমায় আক্রমণ চালালে ফরাসি মিডফিল্ডার মালুদা ইটালির ডি-বক্সের মধ্যে বাধা প্রাপ্ত হন। ইটালিয়ান ডিফেন্ডার মার্কো ম্যাটেরাজ্জি মালুদাকে ফাউল করলে আর্জেন্টাইন রেফারি হোরাসিও মার্সেলো এলিজন্ডো সাথে সাথে ফ্রান্সের পক্ষে পেনাল্টির বাশি বাজান যদিও টিভি রি-প্লে দেখে মনে হয়েছে পেনাল্টির মতো ছিল না। অধিনায়ক জিদান পেনাল্টি থেকে ফ্রান্সকে এগিয়ে নিতে ভুল করেননি যদিও তার শট আজ্জুরি গোলরক বুফানকে পরাস্ত করে ডান পাশের ক্রসবারের ভেতরের দিকে লেগে বাইরে চলে আসে। এবং রেফারী এলিজন্ডো গোলের বাশি দিলে ফ্রেন্সরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই গোলের সাথে সাথে ফুটবলের কিংবদন্তী পেলের পাশাপাশি জিদানও দুই বিশ্বকাপ ফুটবল ফাইনালে গোল করার রেকর্ডে ঢুকে পড়লেন।
অন্যদিকে পেনাল্টি থেকে গাল হজমের ফলে ইটালি গোলরক্ষক বুফান অনন্য এক রেকর্ড থেকে বঞ্চিত হলেন। এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় খেলায় যুক্তরাষ্টের সাথে আতœঘাতি গোল হজম করার পর টানা ৪৬০ মিনিট ইটালির জালে কোনো গোলই ঢুকতে দেননি বিশ্বসেরা গোলরক্ষক বুফান। তিনি স্বদেশী গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গা’র ৫১৭ মিনিট গোল ঠেকিয়ে রাখার রেকর্ডটি অতিক্রম করতে পারলেন না।
পিছিয়ে পড়ে সমতায় ফিরে আসতে মরিয়া হয়ে আক্রমণ শুরু করে নতুন চেহারার ইটালি দল। আর আজ্জুরিদের উপর্যুপরি আক্রমণের মুখে ফ্রান্স বেশীক্ষণ লিড ধরে রাখতে পারেনি ফরাসিরা। খেলার ১৮ মিনিটের মাথায় ফ্রান্সের গোলমুখে এক দুর্দান্ত আক্রমণ থেকে ইটালিয়ানরা একটি কর্নার কিক আদায় করে নেন। মিডফিল্ডার অ্যন্ড্রিয়া পিরলো’র নিখুঁত কর্নার কিকটি মার্কো ম্যাটেরাজ্জি দর্শনীয় এক হেডে ফরাসি গোলরক ফ্যাবিয়ান বার্থেজকে পরাস্ত করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। সমতায় ফিরে এসে ইটালি আরো আক্রমণাত্মক খেলতে শুরু করে। ইটালির সংঘবদ্ধ আক্রমণে এসময় অনেকটা কোনঠাসা হয়ে পড়ে ফ্রান্স। প্রতিপক্ষের রক্ষণব্যুহ ভেদ করে অল্প সময়ের মধ্যেই গোল করার একটি চমৎকার সুযোগও পেয়ে যায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়ানরা । খেলার ৩৫ মিনিটে এমন একটি পরিকল্পিত আক্রমণ থেকে আবারোও কর্নার আদায় করে নেয় আজ্জুরিরা। এবং আবারোও অ্যন্ড্রিয়া পিরলো’র দুর্দান্ত এক কর্নার কিকে মাথা ছোয়ান লুকা টনির কিন্তু টনির চমৎকার হেডটি ফ্রান্সের ক্রসবারে লেগে বাইরে চলে গেলে আজ্জুরিরা গোল থেকে বঞ্চিত হয়। বাকী ১০ মিনিট কোনো দলই গোল করতে না পারায় ১ -- ১ গোলের সমতা নিয়েই প্রথমার্ধের খেলা শেষ হয়।
শিরোপা জয়ের লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরু থেকে উভয় দলই দারুন প্রতিদ্বন্দ্বীতায় মেতে ওঠে। শুরুতেই ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি প্রতিপক্ষের কঠিন ব্যুহ ভেদ করে বল নিয়ে ঢুকে পড়েন ইটালির গোলসীমানায়। কিন্তু গোলমুখে তার দূর্বল শটটি সহজেই আয়ত্তে নিয়ে নেন বুফান। এই আক্রমণের পরপরই গোল করার আরো দুটি সুন্দর সুযোগ পেয়েছিলেন অঁরি। কিন্তু দুর্বল ফিনিশিঙের কারনে গোলের দেখা পাননি এই নির্ভরযোগ্য ফরাসি স্ট্রাইকার।
খেলার ৫৩ মিনিটে অনেকটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ফ্রান্স। এসময়ে ফরাসি স্ট্রাইকার ফ্রাঙ্ক রিবেরির কাছ থেকে বল পেয়ে অধিনায়ক জিদান সেটি সুন্দর করে ঠেলে দেন সতীর্থ মালুদার কাছে। মালুদা বল টেনে নিয়ে ইটালির পেনাল্টি বক্সে ঢুকে পড়লে আজ্জুরি ডিফেন্ডার গিয়ানলুকা জ্যামব্রোত্তা পেছন থেখে তাকে বাধা দিয়ে বলটি মাঠের বাইরে চলে যায়। এই ট্যাকেলে মালুদা ডি-বক্সের মধ্যে পড়ে গেলেও রেফারী পেনাল্টির দাবী অগ্রাহ্য করেন। অবশ্য টেলিভিশন রিপ্লে’তে দেখা যায়, প্রথম পেনাল্টি থেকে এই আবেদন ছিল অনেক বেশী যৌক্তিক।
ফ্রান্সের তীব্র আক্রমণের মুখে এসময় অনেকটা রক্ষণাত্মক খেলায় ফিরে যায় ইটালি। কিন্তু খেলার ৬২ মিনিটের মাথায় পাল্টা এক আক্রমণ থেকে ফ্রান্সের গোলমুখে একটি ফ্রি কিক পেয়ে যায় ইটালি। মিডফিল্ডার অ্যন্ড্রিয়া পিরলো’র মাপা কিকটি দর্শনীয় হেডে ফ্রান্সের জালে জড়িয়ে দেন ইটালির তারকা স্ট্রাইকার লুকা টনি। কিন্তু দূর্ভাগ্য ইটালির। লুকা টনি আগেই অফসাইডে দাড়িয়ে ছিলেন এবং রেফারি হোরাসিও মার্সেলো লাইন্সম্যানের পতাকা উত্তলন দেখে গোলটি বাতিল করে দেন ।
খেলার বাকী সময়টুকু পুরো মাঠের নিয়ন্ত্রন বলতে গেলে ফ্রান্সের হাতেই ছিল। এসময় মধ্যমাঠের জিদানের বেশকিছু নজরকাড়া পাস থেকে সতীর্থ থিয়েরি অঁরি, ফ্রাঙ্ক রিবেরি ও মালুদা ইটালির গোলমুখে বেশকয়েকটি ধারালো আক্রমণ চালান। কিন্তু কোনো গোল আদায় করতে না পারায় শিরোপা-ভাগ্য নিষ্পত্তির জন্য খেলা অতিরিক্ত সময়ে গড়ায়।
অতিরিক্ত সময়েও যথারীতি ফ্রান্সের আধিপত্য বিস্তার করে খেলে। খেলার ১১ মিনিটে ফরাসি স্ট্রাইকার রিবেরি আরেকবার ইটালির রক্ষণভাগ ভেদ করে বল নিয়ে ঢুকে পড়েন। কিন্তু গোলমুখে তার জোরালো শটটি বারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। এর দুই মিনিট পর জিদান বিশ্বকাপ জয়ী একটি গোল করার অপূর্ব একটি সুযোগ পান। ইটালির গোলমুখে সতীর্থ উইলি’র মাপা কিকটি দর্শনীয় এক হেডে ইটালির জালে প্রায় জড়িয়েই দিয়েছিলেন জিদান। কিন্তু দূর্ভাগ্য তার। অসামান্য দক্ষতার সাথে বলটি ক্লিয়ার করে দেন গোলরক্ষক বুফান।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মাঠে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটিয়ে ফেলেন ফরাসি প্লে মেকার ও অধিনায়ক জিদান এবং রেফারি ঘটনা বুঝে জিদানকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দিলে বহিস্কৃত হয়েই জীবনের শেষ ম্যাচটির ইতি টানতে হলো এই মহান ফুটবলারের। অব-বল সিসুয়েশনে জিদান মাথা দিয়ে ইটালিয়ান মিডফিল্ডার ম্যাটেরাজ্জি’র বুকে আঘাত করেন।
বিশ্বকাপ হাতে নিয়েই আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে বিদায় নিতে চেয়েছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তী জিনেদিনে জিদান। আর তাই যদি হতো তাহলে এখন থেকে সকল ফুটবলপ্রেমীর মুখে পেলে আর দিয়েগো ম্যারাডোনার পর জিদানের নামই যে উচ্চারিত হতো এব্যাপারে কোনো সন্দেহের অবকাশ ছিলনা। দুই দুইবার কাপ জয়ের কারনেই পেলের সাথে ইতিহাসে স্থান করে নিতে পারতেন আধুনিক ফুটবলের এই নিপুন ফারসী শিল্পী। পায়ের দক্ষ কারুকাজ তাকে আর মাঠ মাতাতে দেখা না গেলেও বিশ্ববাসীর নয়ন আর হৃদয় জুড়ে আজীবন থেকে যাবেন জিদান। তবে শেষ ম্যাচে তার নিষ্ঠুর অপকর্মটিও বোধহয় জিদানের মতোই ইতিহাস হয়ে থাকবে।
খেলার বাকী সময়ে কোনো গোল না হওয়ায় শেষপর্যন্ত শিরোপার নিস্পত্তির ফাইনাল টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে ইটালি ফ্রান্সের বিরুদ্ধে এক দূর্ধর্ষ জয় ছিনিয়ে নেয়। ইটালির অ্যান্ডিয়া পিরলো, মার্কো ম্যাটেরাজ্জি, ড্যানিল ডি রোসি, দেল পিয়েরো ও ফেবিও ব্রোসো তাদের পেনাল্টি শটে গোল করে। অন্য দিকে, ফ্রান্সের পক্ষে সিলভিয়াইন, এরিক আবিদাল ও ইউলি স্যাগনল গোল করলেও ট্রেজেগুয়েট গোল করতে ব্যর্থ হন।
