পর্তুগালকে ৩ - ১ গোলে হারিয়ে তৃতীয়স্থান অর্জন করলো স্বাগতিক জার্মানি
স্বাগতিক জার্মানি স্টুটগার্টে ১৮তম ফিফা বিশ্বকাপের স্থান নির্ধারনী খেলায় পর্তুগালকে ৩ -- ১ গোলে হারিয়ে স্বান্তনাসূচক তৃতীয়স্থান অর্জন করেছে। জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েন্সটাইগার ২ টি ও পর্তুগীজ ডিফেন্ডার আর্মান্ডো পেটিট একটি আত্মঘাতি গোল করেন। পর্তুগালের পক্ষে বদলী খেলোয়ার ফরোয়ার্ড ন্যুনো গোমেজ একমাত্র গোলটি করেন।
শুরু থেকেই উভয় দলই পুরোপুরি আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। খেলার ৫ মিনিটের মাথায় স্বাগতিক জার্মানি প্রথম কর্নার আদায় করে। মিডফিল্ডার বাস্তিয়ানের কর্নার কিকটি সতীর্থ ক্রিস্টোফ মেটজেল্ডার হেড করে পাঠিয়ে দেন সেবাস্তিয়ানের কাছে। সেখান থেকে বল আবার ক্রিস্টোফের কাছে এলে তিনি গোলমুখে জোরালো শট নেন। কিন্তু তার শটটি জাপানের রেফারি তোরু কামিকাওয়া চোখ এড়িয়ে পর্তুগীজ ডিফেন্ডার নুনো ভ্যালেন্তে—’র হাতে লেগে মাঠের বাইরে চলে যায়। জার্মান স্ট্রাইকাররা রেফারির কাছে পেনাল্টির দাবী করলেও কামিকাওয়া খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
খেলার ১৫ মিনিটের মাথায় পর্তুগীজ অধিনায়ক প্যলেটা গোল করার একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। সতীর্থ সিমাও জার্মান বিপদসীমানার মধ্যে বল ঠেলে দিলে প্যলেটা বলটি নিয়ে এগিয়ে যান। কিন্তু প্যলেটা জার্মান গোলরক্ষক অলিভার কান’কে একা পেলেও তাকে পরাস্ত করতে ব্যর্থ হন। টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলা গোলরক্ষক কান দক্ষতার সাথে প্যলেটার প্রচেষ্টা নসাৎ করে দেন। ফলে অনেকটা নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় পর্তুগাল।
এর দশ মিনিট পর জার্মানি তাদের গোল করার একটি সুন্দর সুযোগ পায়। স্ট্রাইকারদের সম্মিলিত প্রচেষ্টায় পর্তুগীজ পেনাল্টি বক্সের ঠিক বাইরে একটি ফ্রি কিক পায় জার্মানরা। কিন্তু টুর্নামেন্টের বেস্ট ইয়ং প্লেয়ার লুকাস পডোলোস্কি’র দুর্দান্ত শটটি দক্ষতার সাথে রুখে দেন এবারের আসরের অন্যতম সেরা গোলরক্ষক রিকার্ডো। এরপর উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চালিয়ে গেলেও প্রথমাধের খেলা গোলশূণ্যই থেকে যায়।
জয়ের লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরো মরিয়া হয়ে খেলতে শুরু করে পর্তুগীজ ও জার্মানরা। আর এই লড়াইয়ে স্বাগতিকরা খুব অল্প সময়ের মধ্যেই গোলের দেখা পায়। খেলার ৫৬ মিনিটে জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েন্সটাইগার পর্তুগীজ পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক রেইনবো শটে রিকার্ডোকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দিলে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।
সমতায় ফিরে আসতে পর্তুগীজরা গুছিয়ে আক্রমণ শুরু করার আগেই জার্মানের পক্ষে আরেকটি গোল খেলার ভাগ্য অনেকটাই নির্ধারিতই হয়ে যায়। প্রথম গোলের মাত্র ৫ মিনিটের মাথায় শোয়েন্সটাইগারের একটি ফ্রি কিক থেকে পর্তুগীজ মিডফিল্ডার পেটিট বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন এবং স্বাগতিকদের ২-০ গোলে এগিয়ে দেন।
খেলার ৭৮ মিনিটে দলীয় তৃতীয় এবং নিজস্ব আরেকটি দুর্দান্ত গোল করে বসেন জার্মান শোয়েন্সটাইগার। পর্তুগীজ পেনাল্টি বক্সের অনেক বাইরে থেকে গোলমুখে জোরালো এক শটে আবারো রিকার্ডোকে পরাস্ত করে বল পাঠিয়ে দেন পর্তুগিজদের জালে। তবে গোলটি করার আনন্দে জার্সি খুলে উল্লাস প্রকাশ করায় সাথে সাথেই তাকে হলুদ কার্ড দেখিয়ে দেন জাপানি রেফারি কামিকাওয়া।
পর্তুগাল যখন দুই গোলে পিছিয়ে তখন পর্তুগালের স্ট্রাইকার লুই ফিগো আর সাইড লাইনে বসে খেলা দেখতে পারেননি। খেলার ৭৭ মিনিটে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক প্যলেটা’র বদলে মাঠে নামেন এই বর্ষীয়ান স্ট্রাইকার-কাম-অধিনায়ক। জার্মানির বিরুদ্ধে এই ম্যাচই সম্ভবত ফিগো’র শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল। খেলতে নেমেই অবশ্য দলের জন্য স্বান্তনাসূচক একটি গোলের সুযোগ করে দিতে সক্ষম হন ফিগো। খেলা শেষ হওয়ার মাত্র ২ মিনিট আগে তার চমৎকার ক্রস থেকে হেড দিয়ে গোল ব্যবধান কমিয়ে আনেন সতীর্থ ফরোয়ার্ড নুনো গোমেজ।
জার্মান অধিনায়ক মাইকেল বালাক বিহীন এই খেলায় আগের বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী গোলরক্ষক অলিভার কান দলের নেতৃত্ব দেন। এবারের আসরে এটাই কানের প্রথম এবং শেষ ম্যাচ। আর কান তার এই ৮৬ তম ম্যাচে জয়ের স্মৃতি নিয়েই সম্ভবত আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নিতে যাচ্ছেন।
