তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য মুখিয়ে আছে জার্মান ও পর্তুগীজরা
পুরো জার্মানিকেই শোকের সাগরে ভাসিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে জার্মান ফুটবল দল। ইতালির পরিবর্তিত কৌশলের কাছে তাদের পরাজয় বরণ করতে হয়েছে।
অন্যদিকে পর্তুগালও তাদের প্রথম কাপ জয়ের স্বপ্নকে সার্থক করে তুলতে পারেনি। জিদান জাদুতে তাদের বিশ্বকাপ স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। তবু সম্মানজনক তৃতীয়স্থান নিয়ে সস্তুষ্ট থাকতে চায় উভয় দল। আর সে লক্ষ্যেই স্টুটগার্টে শনিবার জার্মান ও পর্তুগাল মুখোমুখি হতে যাচ্ছে।
এ কথা ঠিক যে ফাইনাল ম্যাচের মতো সেই জৌলুস, আবেগ আর গৌরব জার্মান ও পর্তুগালের এ ম্যাচে থাকছেনা। তবুও স্বাগতিক জার্মানি যে আবেগ উদ্বেল দেশপ্রেমিকতায় এবং উদ্যমী জাগরণে জেগে উঠেছে সেটাকে স্মরণীয় করে রাখতে সম্মানজনক তৃতীয়স্থান অর্জনের জন্য প্রতিটি জার্মান ফুটবলার দৃঢপ্রতিজ্ঞ।
এবারের আসরে জার্মান দল দ্বিতীয় রাউন্ডে উঠার আগ পর্যন্ত ক্লিন্সম্যানের তারুণ্য নির্ভর দলের অনেক সমালোচনা করা হয়েছে। জার্মান মিডিয়াগুলো পর্যস্ত সেসময় ক্লিন্সম্যানের কৌশলগত দিকগুলোর সমালোচনায় মুখর হয়ে উঠেছিল। কিন্ত জার্মান দল এসব নিন্দা ও সমালোচনার জবাব দিয়েছে তাদের পারফরম্যান্স দিয়ে। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় শক্তিশালী সুইডেনকে হারিয়ে তাদের প্রকৃত শক্তিমত্তার প্রমাণ দেয়। এরপর কোয়ার্টারফাইনালে আসরের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে দিলে জার্মানরা বিশ্বাস করতে শুরু করে যে তারাই এবারের বিশ্ব চ্যাম্পিয়ন হবার যোগ্য দাবীদার। কিন্তু সেমিফাইনালে ইতালির শেষ দুই মিনিটের জাদুকরী খেলায় জার্মানির শিরোপা জয়ের সেই স্বপ্ন চুরমার হয়ে যায়।
তবে জার্মানির প্রাপ্তির দিকটা যে একেবারে শূন্য তা কিন্তু মোটেই বলা যাবেনা। জার্মান তরুণ স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা ৬টি ম্যাচে ৫টি গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার স্থানটি এখনো পর্যন্ত ধরে রেখেছেন। আর তার গোল করার সুযোগ কিন্তু এখোনো ফুরিয়ে যায়নি। পর্তুগালের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ক্লোসা যদি গোল করতে পারেন এবং তার দল যদি ফিগোদের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে পারে তাহলেও কিছুটা কষ্ট ঘুচবে জার্মানবাসীর।
মিরোস্লাভ ক্লোসা অবশ্য ফাইনাল খেলতে না পারার দুঃখ কিছুতেই ভুলতে পারছেননা। তৃতীয়স্থান নির্ধারণী খেলায় ক্লোসার স্বাভাবিক খেলার ছন্দপতন ঘটতে পারে এমনটা অনেকেই মনে করলেও ক্লোসা কিন্তু জানিয়ে দিয়েছেন, তৃতীয়স্থান অর্জনের জন্য প্রাণপণ লড়বে তার দল।
কোচ লুই ফিলিপ স্কলারি’র পর্তুগালও ফাইনালে উঠতে না পারার যন্ত্রণায় কাতর। ১৯৬৬’র আসরে পর্তুগীজ ফুটবল জাদুকর ইউসেবিও’র নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছিল পর্তুগাল। আর বিগত ৪০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ পেয়েও ফ্রান্সের বর্ষীয়ান ফুটবলারদের দক্ষতার কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাদের। তবে সম্মানজনক তৃতীয় স্থান নিয়ে দেশে ফিরতে চায় পর্তুগাল। অধিনায়ক ফিগো জানালেন, ‘ফাইনালে উঠতে না পারার ব্যর্থতায় দলের প্রত্যেকেই খুব মর্মাহত। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী খেলায় আমরা আমাদের সবটুকু শক্তি দিয়ে জয় ছিনিয়ে আনার চেষ্টা করবো’।
তবে ইনজুরি আর নিষেধাজ্ঞা সমস্যা এখোনো জর্জরিত করে রেখেছে পর্তুগীজদের। দলের সেন্টার ব্যাক রিকার্ডো কারভালহো ফ্রান্সের বিরুদ্ধে হলুদ কার্ড পাওয়ায় জার্মানির বিরুদ্ধে মাঠে নামতে পারছেন না। আর রাইট ব্যাক মিগুয়েল এই খেলায় তার পায়ের লিগামেন্ট এর ইনজুরিতে পড়ায় তিনিও মাঠে নামছেন না।
