২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লিন্সম্যান অবশ্যই জার্মানির সাথে থাকবে: বেকেনবাওয়ার

বিশ্বকাপের সেমিফাইনালে ইটালির কাছে হৃদয় বিদারক ২ - ০ গোলে পরাজয় সত্ত্বেও জার্গেন ক্লিন্সম্যানকেই জার্মানির কোচ হিসাবে দেখতে চান সে দেশের কিংবদন্তী ফুটবলার ফ্রেন্স বেকেনবাওয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

১৯৭০’র বিশ্বকাপজয়ী  জার্মান দলের সদস্য ও ১৯৯০ সালে বিশ্বকাপজয়ী  জার্মান দলের কোচ  বেকেনবাওয়ার বলেন, আমি প্রকৃতপক্ষেই আশা করছি ক্লিন্সম্যান তার দায়িত্বে অবিচল থাকবেন। দলের ওপর তার মস্ত প্রভাব রয়েছে এবং খেলোয়াররাও তাকে বিশ্বাস করেন।

“ইটালি কেবল দু’গোলে জিতেছে তাই নয় বরং তারা মাঠেও খুব সক্রিয় ছিল। জার্মানিও ভালো খেলেছে কিন্তু ইটালিরও ফাইনালে যাওয়ার যোগ্যতা ছিল,” বলেন বেকেনবাওয়ার।

১৯৯০’এর জার্মান বিশ্বকাপ জয়ী দলের সদস্য ক্লিন্সম্যান ২০০৬ সালের বিশ্বকাপের শেষ পর্যন্ত জার্মানির কোচ হিসেবে দায়িত্ব পালন করে যান।  বর্তমানে তিনি তার ভবিয্যত নিয়ে কিছুটা অস্পষ্টতার মধ্যে রয়েছেন। এদিকে, যুক্তরাষ্ট্র তাকে জাতীয় কোচ হিসেবে পেতে চাচ্ছে,সে বিষয়ে ইতিমধ্যেই পত্র--পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

তবে সেমিফাইনাল ম্যাচের পর ক্লিন্সম্যান বলেন, ঠিক এই মুহুর্তে আমার নিজের অবস্থা ততটা গুরুত্বপূর্ণ নয়। এ সকল বিষয় ভুলে যেতে আমার কিছু সময় প্রয়োজন এবং আমার পরিবারের সাথে কথা বলার জন্যও সময় দরকার। 

বিশ্বকাপ উপলক্ষ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য জার্মানিতে ফিরে এলেও ক্লিন্সম্যানের ইচ্ছা ক্যালিফোর্নিয়াতেই বসবাস করা।

বিশ্বকাপ শুরুর আগে অবশ্য ক্লিন্সম্যানের সমালোচনায় মুখর ছিলেন বেকেন বাওয়ার। সেসময় জার্মানিকে পরামর্শ দিয়ে বলেছিলেন, যদি বিশ্বকাপের প্রাথমিক পর্যায়েই জার্মানিকে বিদায় নিতে হয় তাহলে তাদের উচিত হবে আগেই ক্লিন্সম্যানের বিকল্প ঠিক করে রাখা। 

কিন্তু, ক্লিন্সম্যান সমগ্র জার্মান জাতির মন জয় করে দলকে ধারণার চেয়েও অনেক উপরে নিয়ে যান। পর্তুগাল--ফ্রান্স ম্যাচের বিজিত দলের সাথে জার্মানি শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।