পাকিস্তানের বিরুদ্ধে চ্যারিটি ম্যাচ খেলবেন টেন্ডুলকার
১০ জুলাই ওভালে পাকিস্তানের বিরুদ্ধে একটি চ্যারিটি টুয়েন্টি ২০ ক্রিকেট ম্যাচ খেলবে তারকা সমৃদ্ধ বিশ্ব একাদশ দল।
আর সেই বিশ্ব একাদশ দলের মূল আকর্ষণ হচ্ছেন শচীন টেন্ডুলকার যিনি ইনজুরি কাটিয়ে এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার জন্য মাঠে নামবেন।
তাছাড়া বিশ্ব একাদশ দলে আরও খেলবেন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, ক্যারিবীয় দলনায়ক ব্রায়ান লারা ও লঙ্কান অফ--স্পিনার মুত্তিয়া মুরালিধরন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ম্যাচের প্রায় ১৩, ০০০ টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। ম্যাচ থেকে অর্জিত অর্থ পাকিস্তানের ভূমিকম্পে দুর্গতদের জন্য গঠিত ত্রাণ তহবিলে দান করা হবে।
এ বছরের মার্চ মাসে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার সময় কাঁধের ইনজুরিতে পরেন। এরপর থেকে তিনি আর কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সাথে তার যাওয়ার কথা থাকলেও ফিটনেস ফিরে না পাওয়ার কারণে যেতে পারেননি।
বিশ্ব একাদশ: রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, মত্তিয়া মুরালিধরন, ব্রায়ান লারা, ক্রিস কেয়র্নেস, মাখায়া এনটিনি, এন্ড্রু হল, স্কট স্টাইরাস, আজহার মাহমুদ, মোহাম্মদ আকরাম, সাকলাইন মুশতাক।
