২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডর্টমুন্ডের মাঠে হার না মানা জার্মানির বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে ইটালি

এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দূর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সেমিফাইনাল উঠেছে স্বাগতিক জার্মানি। শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই মঙ্গলবার ইটালির বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে মাঠে নামবে তরুণ নির্ভর আত্মপ্রত্যয়ী জার্মানি দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তবে এই খেলায় যে দলই জয় পাক তাদের জন্য থাকছে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি। কিন্তু ডর্টমুন্ড স্টেডিয়ামের ফুটবল ইতিহাস পুরোপুরিই জার্মানির পক্ষে। এই স্টেডিয়ামে জার্মানি দল এখোনো কোনো পরাজয় বরণ করেনি। সুতরাং এই মাঠে স্বাগতিক দলকে হারিয়ে ফাইনালে পৌঁছাতে হলে আজ্জুরিদের নতুন একটি রেকর্ড গড়তে হবে।

ডর্টমুন্ডে জার্মান জাতীয় ফুটবল  দলের হার না মানা এক অনন্য ইতিহাস রয়েছে। এখানে তারা এপর্যন্ত ১৪ টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহন করে ১৩ টি ম্যাচেই জয়লাভ করেছে। ওয়েলসের বিরুদ্ধে একটিমাত্র ম্যাচেই ১৯৭৭ সালে জার্মানি ১ - ১ গোলে ড্র করে।

অথচ এবারের বিশ্বকাপ শুরুর পূর্বে দল হিসেবে কোচ ক্লিন্সম্যানের জার্মানি মোটেই ফেবারিট ছিল না। কিন্তু আসরের প্রথম ম্যাচ থেকে শুরু করে কোয়ার্টারফাইনাল পর্যন্ত টানা ৫ টি ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিয়েছে।  কোস্টা রিকাকে ৪ -- ২ গোলে, পোল্যান্ডকে ১ -- ০ গোলে এবং ইকুয়েডরকে ৩ -- ০ গোলে পরাজিত করে অনায়াসেই দ্বিতীয় রাউন্ডে ওঠে যায় স্বাগতিকেরা। এরপর দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় এবারের আসরের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনাকে   টাইব্রেকারে পরাজিত করে জার্মান দল শিরোপা প্রত্যাশী অন্যান্য ফুটবল পরাশক্তিকে বুঝিয়ে দিয়েছে যে, স্বাগতিকদের বাদ দিয়ে কোনো হিসেবই চলবেনা।

ল্যাটিন পরাশক্তি আর্জেন্টিনাকে টাইব্রেকারে পরাজিত করায় মানসিকভাবে জার্মানিরা কিন্তু এগিয়েই রয়েছে। সেমিফাইনালে ইটালির বিরুদ্ধে টাইব্রেকারেই যদি খেলার ভাগ্য নির্ধারিত হয় তাহলে মানসিকভাবে অনেক এগিয়ে থাকবে স্বাগতিকরা।

অন্যদিকে ইটালি শক্তিশালী জার্মান দলের বিরুদ্ধে নির্ধারিত ৯০ মিনিট অথবা ১২০ মিনিটে যদি জয় ছিনিয়ে আনতে পারে, তাহলে এই বিজয় হবে তাদের জন্য এক অবিস্মরণীয় ঘটনা। কেননা ডর্টমুন্ডের এই স্টেডিয়ামে বিগত ৭১ বছরের ইতিহাসে জার্মানি দলের হারের কোনো রেকর্ড নেই।

হার না মানা এই ইতিহাসের সাথে রয়েছে ডর্টমুন্ডের দর্শক সমর্থনের ব্যাপারটি। জার্মান মিডফিল্ডার টিম বোরোস্কি বলেই ফেললেন যে, এই  মাঠে জার্মানির সমর্থকরা তাদের জয়ের জন্য বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

খেলোয়াড় হিসেবে ১৯৯০ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ছিলেন স্ট্রাইকার জার্গেন ক্লিন্সম্যান। এবার তিনি কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কিংবদন্তী স্বদেশী বেকেন বাওয়ারের খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে ক্লিন্সম্যানের চোখের সামনেই। আর সেই পথে তিনি এগিয়ে গিয়েছেন অনেকটাই। আর মাত্র দুটি জয়। বাকিটুকু ইতিহাস।

সেমিফাইানালে খেলোয়াড় নির্বাচনে ক্লিন্সম্যানের বেশ কিছু বাড়তি সুবিধা রয়েছে। আর্জেন্টিনাকে হারানো উদ্যমী দলটির কেউই ইনজুরি সমস্যা বা হলুদ কার্ড, লাল কার্ড জনিত নিষেধাজ্ঞায় ভুগছে না। সুতরাং একই দল পুরো শক্তি নিয়ে ইটালির বিরুদ্ধে মাঠে নামবে।

আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের অন্যতম নায়ক এবং এবারের আসরের এপর্যন্ত সর্বাধিক গোলদাতা জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজা আর্জেন্টিনার সাথে খেলায় কাফ ইনজুরিতে পড়েছিলেন। কিন্তু ছোটখাটো  এই ইনজুরি কাটিয়ে সেমিফাইনালে মাঠে নামছেন ক্লোসা।

তবে জার্মান কোচের দুশ্চিন্তার একটি কারন রয়েই গেছে। আর্জেন্টিনার বিরুদ্ধে টাইব্রেকারে জয়লাভের পর মিডফিল্ডার টরস্টেন ফ্রিংস এর কারনে আর্জেন্টাইনদের সাথে যে সংঘর্ষ বাধে জার্মানিদের, তার তদন্ত করে দেখছে ফিফা। দোষী সাব্যস্ত হলে সেমিফাইনালে অংশ নেওয়া নাও হতে পারে টরস্টেন ফ্রিংস’র ।

জার্মান ইতিহাসের উল্টোপাশে ইটালিরও একটি অনন্য ইতিহাস রয়েছে। ব্রাজিলের কাছে ১৯৭০ সালে জুলেরিমে বিশ্বকাপ ফাইনাল হারার পর থেকে প্রতি তৃতীয় বিশ্বকাপ ফাইনালে  খেলার অনন্য  রেকর্ড করেছে আজ্জুরিদের। পাওলো রসির একক নৈপুণ্যে ১৯৮২ আসরের চ্যাম্পিয়ন ইটালি ১৯৯৪ সালের আসরে ব্রাজিলের বিরুদ্ধে ফাইনালে উঠেছিল। আজ্জুরিরা তাই যে কোনো মূল্যে জার্মানিকে হারিয়ে ফাইনালে ওঠার চেষ্টা করবে।

বিশ্বকাপ আসরে ইটালি ও জার্মানির মধ্যে শেষ বার দেখা হয় ১৯৮২ সালের ফাইনালে। সে খেলায় জার্মানিকে হারিয়েই কাপ নিয়েছিল পাওলো রসির দল। তবে এ বছর মার্চে দুই দলের শেষ মুখোমুখি লড়ায়ে ইটালি ৪ -- ১ গোলে জার্মানিকে পরাজিত করে। এই জয়ের কথা মাথায় রেখেই মাঠে নামতে চায় আজ্জুরিরা। আর ১৯৮২ সালের ফাইনালে হারের প্রতিশোধ নিতে চায় স্বাগতিক জার্মানি। দেখাই যাক খেলা শেষে বিজয়ের হাসি কার মুখে ফুটে ওঠে।