২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অল - ইউরোপ বিশ্বকাপ, শেষ হাসি কে হাসবে?

চ্যাম্পিয়ন ব্রাজিল যষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে জার্মানিতে পা রাখে। আর্জেন্টিনাও ছিলো শিরোপার অন্যতম দাবিদার। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে দক্ষিণ আমেরিকার এ দল দুটি ছিটকে পড়ায় ১৮তম ফিফা বিশ্বকাপ অল ইউরোপ বিশ্বকাপে পরিণত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 10:06 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

স্বাগতিক জার্মানি মঙ্গলবার ইতালির বিরুদ্ধে এবং ফ্রান্স বুধবার পর্তুগালের বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হবে।

ইতিহাস বলে, ইউরোপে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরে ইউরোপের বাইরের দেশগুলো প্রথাগতভাবেই এখানে এসে ধুকতে থাকে। ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপ জয় করেছিল পেলে’র ব্রাজিল কিন্তু তারপর আর কোনো বাইরের দলই ইউরোপ থেকে কাপ নিয়ে ফিরতে পারেনি। বিশ্বকাপের আসর দশবার ইউরোপে বসলেও ওই বছরেই ইউরোপ থেকে প্রথমবারের শিরোপা হাতছাড়া হয়।

১৯৫৮ সালের পর ছয়টি বিশ্বকাপ ইউরোপে অনুষ্ঠিত হয় এবং ইউরোপের বাইরে মাত্র তিনটি দল শেষ চার-এ পৌঁছায়। এর মধ্যে ব্রাজিল দুবার এবং আর্জেন্টিনা একবার। ব্রাজিল ১৯৭৪ সালে সেমিফাইনালে এবং ১৯৯৮ সালে ফাইনালে হেরে যায়।

অন্যদিকে, আর্জেন্টিনা ১৯৯০ সালে ফাইনালে পরাজিত হয়।

সর্বশেষ ১৯৮২ সালে স্পেনে অল - ইউরোপিয়ান সেমিফাইনাল হয়েছিল যেখানে এবারের সেমিফাইনালিস্ট ইতালি, ফ্রান্স ও পশ্চিম জার্মানিও ছিল। ওই সেমিফাইনালের অপর দলটি ছিল পোল্যান্ড। আর এবার পর্তুগাল।  

স্বাগতিক জার্মানি গ্র“প ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এবং দ্বিতীয় রাউন্ডে সুইডেন ও কোয়ার্টারফাইনালে ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেলে তারা নতুনভাবেই টুর্নামেন্ট ফেবারিটের হিসাবে পরিচিতি পাচ্ছে।

একমাত্র মধ্যমাঠের মাইকেল বালাক ছাড়া তেমন কোন বিশ্বমানের খেলোয়ার এবারের জার্মান দলে না থাকলেও তাদের অদম্য প্রচেষ্টা, মনোবল ও নিজ মাঠে বিশাল দর্শক নিয়ে এগিয়ে চলছে সমানে।

প্রথম দিকে ইতালির পারফরম্যান্স খারাপ হলেও তারা পাঁচ ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে এবং কোয়ার্টারফাইনালে ইউক্রেনকে ৩ - ০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

ইতালির স্টাইকার লুকা টনি শেষ পর্যন্ত প্রতিপক্ষের জাল খুঁজে পায় ইউক্রেনের বিরুদ্ধে দু গোল করে।

আর অন্যদিকে তার সতীর্থ ফ্র্যান্সিসকো টট্টি স্বরুপে দেখা দেয় কোয়ার্টার ফাইনালেই। আর এ কারণেই জার্মানির বিরুদ্ধে ইতালির সম্ভাবনা নেহায়েত কম নয়।  

্ইতালির মতো ফ্রান্সও বাজেভাবে তাদের বিশ্বকাপ মিশন শুরু করলেও এখন তারা বেশ ভালো অবস্থায় রয়েছে বলে মনে হচ্ছে। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডে স্পেনকে ৩ - ১ গোলে ও কোয়ার্টার ফাইনালে ফেবারিট ব্রাজিলকে ১ - ০ গোলে হারানোর পর শিরোপার স্বপ্ন তারা দেখতেই পারে।

জিনেদিন জিদানের সমালোচনায় যারা মশগুল ছিলেন তাদেরকে রিয়াল মাদ্রিদের এই মধ্যমাঠের যাদুকর সমুচিত জবাবটা দিয়ে দিয়েছেন ব্রাজিলের বিরুদ্ধে চোখ ধাঁধানো পারফরম্যান্স দিয়ে। ওই ম্যাচে তার ফ্রি কিক থেকেই থিয়েরি অঁরি জয়সূচক গোলটি করেন।

ফ্রান্স তার অপর মধ্যমাঠের উদীয়মান খেলোয়ার ফ্র্যাঙ্ক রিবেরিকে নিয়ে পর্তুগালের বিরুদ্ধে আশা করতেই পারে ভালো একটি ফলাফলের।

চার সেমিফাইনালিস্টদের মধ্যে একমাত্র পর্তুগালই এ পর্যন্ত বিশ্বকাপ জয় করতে পারেনি এমনকি বিশ্বকাপের ফাইনাল পর্যন্তও খেলেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালকে তেমন উজ্জ্বল দেখা না গেলেও তারা তাদের মধ্যমাঠের খেলোয়াড় ডেকোকে ফ্রান্সের বিরুদ্ধে ফিরে পাবে।

ফিগো, রোনাল্ডে, ডেকোরা তাই সহজেই ছাড়ছে না ফ্রান্সকে।