সেমিফাইনালে ফ্রান্স, প্যারিসে বিজয়োৎসব; ৬৯ জন গ্রেপ্তার
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শনিবার রাতে ব্রাজিলের বিরুদ্ধে ফ্রান্সের জয়ের পর পরই প্যারিসে বিজয়োৎসবে নামে ফরাসিরা। কিন্তু সে উৎসব আর বেশিক্ষণ শান্তিপূর্ণ থাকেনি। রাজধানী থেকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ ৬৯ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ রোববার গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছে।
জয়ের আনন্দে আত্মহারা ফরাসিরা এ সময় দুটি গাড়ি এবং দোকানের জানালা ভাংচুর করে।
শনিবার রাতে বিজয়োৎসব পালনেরকালে একজন মহিলা পুলিশ কর্মী বোতলের আঘাতে আহত হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
বার্তা সংস্থাগুলো জানায়, ফ্রান্সের পাঁচ লাখ সমর্থক এ দিন পতাকা উড়িয়ে জয়োল্লাস করে। এ সময় তারা জয়ের নায়ক মিডফিল্ডার জিনেদিন জিদানকে ‘জিজু’ বলে চিৎকার করে আনন্দ উল্লাস করছিল। ১৯৯৮ এর বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে ৩ - ০ গোলে হারানোর পর ঠিক এভাবেই উল্লাস করেছিল ফরাসিরা।
শনিবারের খেলার ৫৭ মিনিটের মাথায় স্ট্রাইকার থিয়েরি অঁরি জিদানের ক্রস থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত ওই এক গোল নিয়েই মাঠ ছাড়ে জিদানের দল। ফ্রান্স বুধবার পর্তুগালের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে।
এদিকে ম্যাচ চলাকালে ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক টিমের রঙে স্কার্ফ পরিধান করেছিলেন। ম্যাচ শেষে আনন্দে উদ্বেলিত হয়ে তিনি বলেন, তিনি এখন ‘নির্মল আনন্দে’ ভাসছেন।
এ জয়ের ফলে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জ্যাক শিরাক। গত বছর কয়েক দফা দাঙ্গার পর তার সরকারের জনপ্রিয়তার অনেকখানিই ধস নামে। কিন্তু এ জয়কে সৌভাগ্য হিসোবে দেখতেই পারে শিরাক সরকার।
