টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩ -- ১ গোলে পরাজিত করে সেমিফাইনালে পর্তুগাল
জার্মানির গেলশেনকারশেনে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টারফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় শক্তিশালী পর্তুগাল ফুটবল পরাশক্তি ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩ -- ১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। এই ম্যাচে পরাজয়ের ফলে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেল।
জয়ের লক্ষ্যে শুরতেই উভয় দল আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। আক্রমণ - পাল্টা আক্রমণে খেলা এগিয়ে গেলেও কোনো দলই গোল করার মতো কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। তবে ইংলিশরাই বেশীরভাগ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রথমার্ধের খেলা গোলশূণ্যভাবে শেষ করে।
দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় ইংল্যান্ডের অধিনায়ক ডেভিড বেকহ্যাম মাঠ ছাড়েন। এর দশ মিনিট পর ইংল্যান্ড শিবিরে চরম দুঃসময় নেমে আসে। পর্তুগীজ ডিফেন্ডার রিকার্ডো কারভালহোলের গোপনাঙ্গে বুট দিয়ে আঘাত করায় ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনিকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বহিস্কার করেন আর্জেন্টাইন রেফারি হোরাশিও এলিজন্ডো। কিন্তু এরিকসনের দল পুরোপুরি রক্ষনাত্মক খেলায় ফিরে না গিয়ে সাহসের সাথেই আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। খেলার ৮২ মিনিটের মাথায় ল্যাম্পার্ডের নেওয়া চমৎকার ফ্রি কিকটি পর্তুগীজ গোলরক্ষক রিকার্ডো ডানপাশে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। খেলার শেষ মিনিটে জন টেরি গোল করার একটি চমৎকার সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে ব্যর্থ হন।
এদিকে দশজনের ইংল্যান্ড দলের দূর্বলতার সুযোগ নিয়ে পর্তুগীজ স্ট্রাইকাররা ইংল্যান্ডের গোলমুখে বেশ কয়েকটি পরিকল্পিত আক্রমণ চালায়। বিশেষ করে খেলার শেষ ১০ মিনিট ইংলিশদের বেশ চাপের মুখেই রাখেন তারা। কিন্তু পর্তুগীজ তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুই ফিগো ও মানিশ’দের গোল করার ব্যর্থতায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়।
জয়ের লক্ষ্যে অতিরিক্ত সময়ে উভয় দলই তুমুল প্রতিদ্বন্দ্বীতা চালিয়ে যায়। আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলাটি এসময়ে দারুন উপভোগ্য হয়ে ওঠে। একদিকে বৃটিশ ফরোয়ার্ড পিটার ক্রাউচ, মিডফিল্ডার জন টেরি আর অন্যদিকে পর্তুগীজ স্ট্রাইকার রোনাল্ডো, মানিশ ও সিমায়ো ও পস্তিগা প্রতিপক্ষের গোলসীমানায় দারুন কয়েকটি আক্রমণ চালান। অতিরিক্ত খেলার দ্বিতীয়ার্ধে পর্তুগীজ স্ট্রাইকার হেলডার পস্তিগা সতীর্থ রোনাল্ডোর একটি নিখুঁত ক্রস থেকে হেডের সাহায্যে গোল করতে সক্ষম হলেও অফসাইডের কারনে রেফারি হোরাশিও গোলটি বাতিল করেন। বাকী সময়টুকুতে কোনো গোল না হওয়ায় শেষপর্যন্ত টাইব্রেকারেই খেলাটির ভাগ্য নিষ্পত্তি হয়।
এপর্যন্ত বিশ্বকাপে ইংল্যান্ডের যে কয়টি খেলা টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে তার কোনোটিতেই জয়ের মুখ দেখেনি তারা। আর সেই ইতিহাসের দূর্ভাগ্যজনক পুনরাবৃত্তির মধ্য দিয়েই বেজে ওঠে বৃটিশদের বিদায়ঘন্টা।
টাইব্রেকারে পর্তুগালের ফরোয়ার্ড রোনাল্ডো ছাড়াও সিমাও ও পস্তেগা গোল করে এক অবিস্মরনীয় জয় তুলে নেয়।
তবে এই জয়ের মূল নায়ক হলেন পর্তুগীজ গোলরক্ষক রিকার্ডো। ইংলিশ মিডফিল্ডার ওয়েন হারগ্রিভস এর পেনাল্টি শট ঠেকিয়ে দিতে ব্যর্থ হলেও অসাধারন দক্ষতায় রিকার্ডো বৃটিশ মিডফিল্ডার ফ্রাংক ল্যম্পাার্ড, স্টিফেন জেরার্ড ও ডিফেন্ডার জেমি ক্যারাগারের পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে পর্তুগালের জয় নিশ্চিত করেন।
আসরের শেষ কোয়ার্টারফাইনালে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ৬ জুলাই মিউনিখে প্রথম সেমিফাইনাল খেলায় অংশ নেবে শিরোপা প্রত্যাশী পর্তুগাল।
