রোনাল্ডোকে মুলারের অভিনন্দন
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনটি ৩২ বছর পর হাত ছাড়া হলেও জার্মানির গার্ড মুলার নতুন রেকর্ডধারী ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডোকে অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার ঘানার বিরুদ্ধে ব্রাজিলের ৩ - ০ জয়ে প্রথম গোলটিই ছিল রোনাল্ডোর এবং এ গোল দিয়েই রোনাল্ডো বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার (১৫) রেকর্ডটি এককভাবে নিজের করে নেন। গ্র“প পর্যায়ে জাপানের বিরুদ্ধে দু’ গোল করে তিনি মুলারের ১৪ গোলের রেকর্ডটি স্পর্শ করেছিলেন।
মুলার ১৯৭০ ও ১৯৭৪ সালের বিশ্বকাপ খেলে ১৪ টি গোল করেন এবং ফ্রান্সের জাঁ ফতের ১৩ গোলের রেকর্ডটি ছাড়িয়ে যান।
মুলার বলেন, যদিও রোনাল্ডো তার তৃতীয় বিশ্বকাপ খেলছে, তবুও তার সময়ে এটা একটা গুরুত্বপূর্ণ অর্জন। দীর্ঘ সময় ধরে এমন উচ্চতর পর্যায়ে খেলে নিজেকে সঠিক সময়ে ফিট রাখা সত্যিই আর্শ্চযজনক। আমার মতে, সেই শ্রেষ্ঠ স্ট্রাইকার এবং এই মুহূর্তে সে একজন পরিপূর্ণ স্ট্রাইকার।
মুলার বলেন, এটা মোটেই আর্শ্চযজনক ছিলনা যে রোনাল্ডো নতুন রেকর্ড গড়বে কেননা বিশ্বকাপ শুরুর আগেই এমনটি ধারণা করা হচ্ছিল।
বিশ্বকাপের শুরুতে রোনাল্ডোর মুটিয়ে যাওয়া এবং খারাপ পারফর্মেন্স নিয়ে মিডিয়াতে সমালোচনা ও ফ্যানদের মধ্যে হতাশা বিরাজ করলেও মুলার বরং রোনাল্ডোকে প্রসংশাই করেছেন। তিনি বলেন, ব্রাজিলের প্রয়োজন রোনাল্ডোকে কেননা তার মতো ক্ষিপ্র গতির খেলোয়ার ব্রাজিলের আক্রমনভাগে দ্বিতীয়টি আর নেই। সে এখনোও একই ক্ষিপ্র গতি সম্পন্ন খেলোয়াড়।
যদিও প্রথম দু’টি ম্যাচে রোনাল্ডো তার নামের সুবিচার করতে পারেনি, তবে জাপানের বিরুদ্ধে রোনাল্ডোর পাঁচ গোল পাওয়া উচিত ছিল বলে মনে করেন মুলার।
