রডরিগুয়েজের গোলে শেষ আটে আর্জেন্টিনা
অতিরিক্ত সময়ে রডরিগুয়েজের দর্শণীয় গোলে মেক্সিকোকে ২ - ১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্র্টার ফাইনালে পৌঁছে গেছে ফেবারিট আর্জেন্টিনা।
বার্লিনে শুক্রবার আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে।
অতিরিক্ত সময়ের আট মিনিটের মাথায় আর্জেন্টাইন অধিনায়ক সরিনের ক্রস রডরিগুয়েজ বক্সের ডান পাশ থেকে বলটি বুক দিয়ে নামিয়ে বাম পায়ের দুর্দান্ত ভলিতে মেক্সিকোর জালে জড়িয়ে দেন।
শনিবার দ্বিতীয় প্রি - কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে গড়ানোই বলে দেয়, আর্জেন্টিনার এই জয় খুব সহজ ছিলনা। এমনকি খেলার শুরুতেই ছয় মিনিটের মাথায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইনরা পিছিয়ে পড়ে।
দুর্ভাগ্য মেক্সিকোর। অধিনায়ক মারকুইজের দেওয়া চমৎকার গোলে লিড নিলেও তা ধরে রাখতে পারেনি মেক্সিকানরা। দশ মিনিটের মাথায় রিকলমির নেওয়া কর্নার কিক থেকে হার্নান ক্রেসপো সমতা আনেন।
ম্যাচ শেষে মেক্সিকান অধিনায়ক রাফায়েল মারকুইজ দার্শনিকভাবে খেলার ফলাফল মেনে নিয়ে বলেন, দল আজকের ম্যাচে দল খুবই ভালো খেলেছে। সকলের মধ্যেই ভালো খেলার চেষ্টা সবসময়ই ছিলো।
ম্যাচ শুরুর ছয় মিনিটের মাথায় ফেবারিট বনে যায় মেক্সিকো। পাভেল প্যারাডোর ফ্রি কিকে মেন্দেজ মাথা ছোঁয়ালে একেবারে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মারকুইজ বল জালে ঠেলে দেন। এর ঠিক চার মিনিট পরই রিকলমির কর্ণার কিকে মেক্সিকান বারগেতি হেডের মাধ্যমেই ক্লিয়ার করতে চাইলে বল নিজেদের জালেই জড়িয়ে যায়। যদিও গোলটি লেখা হয়েছে হার্নান ক্রেসপোর নামে।
এরপর মেক্সিকানরা কাউন্টার অ্যাটাকে আর্জেন্টাইন ডিফেন্সকে সমস্যায় ফেললেও গোল পায়নি মেক্সিকো।
প্রথমার্ধ্বেই ক্রেসপোর গোল সংখ্যা আরো একটা বাড়তে পারত। ক্যাম্বিয়াসোর একটি পাস থেকে সে সুযোগ কাজে লাগালে পারেননি ক্রেসপো।
দ্বিতীয়ার্ধ্বে মেক্সিকোর প্রথম সুযোগ ব্যর্থ করে দেন আর্জেন্টাইন গোলরক্ষক।
আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধ্বে তেভেজ, আইমার ও মেসিকে মাঠে নামালে আক্রমণের ধার অনেকটাই বেড়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধ্বও গোলশূন্য থেকে যায়। পরে রডরিগুয়েজ দুর্দান্ত ভলিতে গোল করে আর্জেন্টাইনদের আনন্দের সাগরে ভাসান।
