২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: ইটালি ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার ঘটনাবহুল ম্যাচ ১ - ১ গোলে ড্র

শক্তিশালী ইটালির বিরুদ্ধে শনিবার বিশ্বকাপ আসরের ‘ই’ গ্র“পের ঘটনাবহুল ম্যাচে যুক্তরাষ্ট্র ১ - ১ গোলে ড্র করেছে। ম্যাচে তিনজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন উরুগুয়ের রেফারি জর্জ ল্যারিয়ন্ডা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 09:29 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ইটালি ও যুক্তরাষ্ট্রের মধ্যে ম্যাচটি ড্র হওয়ার ফলে দ্বিতীয় রাউন্ডে ওঠার বিষয়ে ‘ই’ গ্র“পের ঘানা ও চেক প্রজাতন্ত্রসহ চারটি দলের সম্ভাবনা টিকে থাকলো। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ম্যাচের ২২ মিনিটের মাথায় ইটালিয়ান ফরোয়ার্ড আলবার্তো গিলারদিনোর গোলে তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইটালি এগিয়ে যায়। পারলোর ফ্রি--কিক থেকে নিচু হেডে গোল করেন গিলারদিনো। কিন্তু সাত মিনিট পরেই ইটালির সর্বনাশ শুরু হয় আত্মঘাতী গোলের মধ্যে দিয়ে। একটি ফ্রি--কিক বিপদ--সীমার বাইরে পাঠাতে গিয়ে ইটালিয়ান ডিফেন্ডার ক্রিস্টিয়ান জাকার্দো নিজেদের জালেই বল পাঠান।

ম্যাচের ২৮ মিনিটের মাথায় মার্কিন খেলোয়াড় ম্যাক ব্রাইডের মুখে কনুই দিয়ে আঘাত করে লাল--কার্ড পান ইটালির ড্যানিয়েল ডি রসি। প্রথমে আত্মঘাতী গোল এবং পরের মুহূর্তেই লাল--কার্ড পাওয়ার ফলে বিশ্বকাপের অন্যতম ফেবারিট ইটালির খেলা এলোমেলো হয়ে যায়।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে ইটালিয়ান খেলোয়াড় পারলোকে অবৈধভাবে বাঁধা দেওয়ার কারণে রেফারি যুক্তরাষ্ট্রের পাবলো মাস্ত্রোয়েনিকে লাল--কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর আবারও লাল--কার্ড দেখানো হয় যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড়কে। ম্যাচের ৪৭ মিনিটের মাথায় ইটালিয়ান স্ট্রাইকার গিলারদিনোকে টেনে ধরার কারণে উরুগুয়ের রেফারি ল্যারিয়ন্ডা দ্বিতীয়বার হলুদ কার্ড দেখান যুক্তরাষ্ট্রের এদিয়েন পোপকে। ৯ জনের দলে পরিণত হয় যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই নিয়ে চতুর্থবার একটি ম্যাচে ৩ জন খেলোয়াড়কে লাল--কার্ড দেখানো হলো। এর আগে ১৯৩৮ সালে ব্রাজিল--চেকোস্লাভাকিয়া, ১৯৫৪ সালে ব্রাজিল--হাঙ্গেরি ও ১৯৯৮ সালে ডেনমার্ক--দক্ষিণ কোরিয়ার মধ্যেকার ম্যাচে তিনজন খেলোয়াড়কে লাল--কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

ইটালির বদলি খেলোয়াড় আলেক্সান্ড্রো দেল পিয়ারোর দু’টি শট চমৎকারভাবে ঠেকিয়ে দেন মার্কিন অভিজ্ঞ গোলরক্ষক ক্যাসি কেলার।

ইটালির কোচ লিপ্পি ম্যাচের শেষের দিকে জার্কাদোর পরিবর্তে দেল পিয়ারোকে মাটে নামিয়েও ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারেননি। ম্যাচের এক পর্যায়ে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে দেল পিয়ারো ও ম্যাকব্রিডের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে ম্যাকব্রিডের মুখে আঘাত লেগে রক্ত বের হতে থাকে।

এত সব কিছুর পরও ম্যাচ জিততে পারতো আজ্জুরিরা। লুকা টনির দুর্দান্ত শট মার্কিন ডিফেন্ডাররা দ্রুত বিপদ--সীমার বাইরে পাঠিয়ে দেয়।

এই ম্যাচ ড্র হওয়ার ফলে ইটালির পয়েন্ট এখন চার, চেক প্রজাতন্ত্র ও ঘানার পয়েন্ট তিন এবং যুক্তরাষ্ট্রের পয়েন্ট এক।