২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোন ধরনের জুয়ার জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার কোচ গাস হিডিংক রোববার ব্রাজিলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে সকারুদের জয়ের জন্য যে কোন ধরনের জুয়া খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এর আগে এফ গ্র“পের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেরা ফুটবলারদের পাওয়ার জন্য ব্রাজিলের বিরুদ্ধে দুর্বল নামানোর ইঙ্গিত দিলেও এখন তার পরিকল্পনা থেকে সরে আসতে শুরু করেছেন এই ডাচ।

ব্রাজিলের বিরুদ্ধে জয়ই অসিদের প্রথমবারের মত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে দেবে এটা বুঝতে পেরেই দলের জয়ের ধারা ধরে রাখতে ইচ্ছুক হিডিংক। প্রথম ম্যাচে জাপানকে ৩ -- ১ গোলে হারিয়েছে সকারুরা।

শনিবার এক সংবাদ সম্মেলনে এই ডাচম্যান বলেন, ‘প্রথম ম্যাচে চমৎকার সাফল্য পেয়েছি এবং এর প্রভাব অস্ট্রেলিয়াসহ সারা বিশ্বে দেখা দিয়েছে। কিন্তু এখন আমরা একটি সত্যিকার দিনের দিকে এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলাটা সত্যিই দারুন ব্যাপার। সবাই ব্রাজিলের বড় জয়ের অপেক্ষায় রয়েছে কিন্তু প্রতিপক্ষের বিরুদ্ধে একই ফল লাভের জন্য আমাদের ওপরও চাপ রয়েছে।’

তবে জাপানের বিরুদ্ধে জয় পাওয়া ম্যাচে দলের চার চারজন ফুটবলার হলুদ কার্ড পাওয়ায় কিছুটা শংকার মধ্যেও আছেন অসি কোচ। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এই ফুটবলাররা আরেকটি হলুদ কার্ড পেলে বিপদে পড়ার আশংকা করছেন হিডিংক। তারপরও দলের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি হলুদ কার্ড পাওয়া খেলোয়াড়দের নামানোর ঝুঁকি নেবেন বলে জানিয়েছেন।

ফুটবল কৌশলের জন্য বিখ্যাত হিডিংক এর আগে দু’টি বিশ্বকাপে নেদারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়াকে সেমিফাইনালে খেলার স্বাদ দিয়েছেন। রোববারের ম্যাচ সম্পর্কে তিনি জানান, তিনি তার দল নিয়ে কোন ধরনের স্বপ্নের মধ্যে নেই এবং ঝুঁকি তিনি নেবেনই।

হিডিংক বলেন, ‘জয়ের জন্য আমাদের অনেক কৌশলই আছে কিন্তু ব্রাজিলের মত অভিজ্ঞ দল যে কোন ধরনের কৌশলের সাথেই অভ্যস্ত হয়ে যেতে পারে, কারণ বেশিরভাগ সময় তারাই ম্যাচ নিয়ন্ত্রন করে।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্ক ভিদুকা জানিয়েছেন ব্রাজিলের বিরুদ্ধে তাদের হারানোর কিছু নেই। এমন মনোভাব নিয়েই তারা নামবেন।

তিনি বলেন, ‘এটা বড় ম্যাচ। ব্রাজিল সত্যিকার অর্থেই বিশ্বকাপ জয় করার মত ফেবারিট দল, তাই তাদের বিরুদ্ধে খুবই ভালো খেলতে হবে।’