২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেওয়াগের সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে

সেন্ট লুসিয়াতে বিরেন্দ্র সেওয়াগের দুর্দান্ত ১৮০ রানের উপর ভর উপর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারত চার উইকেটে ৩৬১ রান সংগ্রহ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 01:42 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

১৯০ বল মোকাবেলা করে ২০ টি বাউন্ডারি ও ২ টি ছক্কার সাহায্যে সেওয়াগ ১৮০ রান করেন। এটা তার ক্যারিয়ারের ১২ তম সেঞ্চুরি।

দিনের শুরুতে ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ২৭ বছর বয়সি সেওয়াগ ও ওয়াসিম জাফর উদ্বোধনী জুটিতে ১৫৯ রান সংগ্রহ করে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন।

প্রথম ভারতীয় এবং বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসাবে সেওয়াগ টেস্ট ম্যাচের উদ্বোধনী দিনেই সেঞ্চুরি পূর্ণ করলেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

পেড্রো কলিন্সের বলে সেওয়াগ কট এন্ড বোল্ড হয়ে যান। ওয়াসিম জাফর ৪৩ রান করে একই বোলারের বলে আউট হয়ে যান।

ভারতীয় মিডল--অর্ডার ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ ব্যক্তিগত রানের খাতা খেলার আগেই এবং যুবরাজ সিং ব্যক্তিগত দুই রানের মাথায় কলিন্সের বলে আউট হয়ে যায়।

দিন শেষে ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় ব্যক্তিগত ৯৫ রান ও মোহাম্মদ কাইফ ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন।

স্বাগতিক উইন্ডিজদের পক্ষে পেড্রো কলিন্স ৭৫ রানের বিনিময়ে তুলে নেন চার উইকেট। পিঠের ব্যথার কারণে এক বছর দলের বাইরে থাকার পর মাঠে ফিরেই নিজেকে প্রমাণ করলেন কলিন্স।

ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যেকার চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছে।