নবাগত ত্রিনিদাদ ও টোবাগোর বিরুদ্ধে সুইডেনের গোলশূন্য ড্র
বিশ্বকাপ আসরে নবাগত ত্রিনিদাদ ও টোবাগো’র সাথে সুইডেনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি গোলশূণ্য ড্র’র মধ্য দিয়ে শেষ হয়েছে। এবারের আসরে এটিই প্রথম ড্র হলো।
প্রথমার্ধে বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ পায় সুইডেন। মধ্যমাঠের আক্রমণাত্মক খেলোয়াড় ক্রিশ্চিয়ান উইমসন ও ফ্রেডেরিক ত্রিনিদাদের রক্ষণভাগ ভেদ করে স্ট্রাইকার ইব্রাহিমোভিচ এবং লারসেনের জন্য অপূর্ব কয়েকটি বল বানিয়ে দিলেও ত্রিনিদাদের গোলরক্ষক সাকা হিসলপ অদ্ভুত দক্ষতায় সেগুলো নস্যাৎ করে দেন।
খেলার ৩৫ মিনিটে ত্রিনিদাদের পক্ষে গোল করার সুবর্ণ সুযোগটি পেয়েছিলেন স্ট্রাইকার কার্লোস এডওয়ার্ড। কিন্তু সুইডিশ গোলরক্ষক রামি সাবান দুর্দান্ত ডাইভ করে ঠেকিয়ে দেন কার্লোসের শটটি।
খেলার প্রথমার্ধের অধিকাংশ সময় সুইডেন তাদের নিয়ন্ত্রণে বল রাখলেও ত্রিনিদাদ ও টোবাগো বেশ কয়েকটি আক্রমণ করে বুঝিয়ে দিয়েছে, নবাগত হলেও তাদের বিরূদ্ধে জয়ী হতে হলে প্রতিপক্ষকে আরো ঘাম ঝরাতে হবে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পাবার জন্য মরিয়া হয়ে আক্রমণ শুরু করে সুইডিশ স্ট্রাইকাররা। তাদের একচেটিয়া তীব্র আক্রমণে ত্রিনিদাদের রক্ষণভাগ এলোমেলো হয়ে পড়লেও গোলরক্ষক সাকা হিসলপ তার একক প্রচেষ্টায় সুইডেনের সকল প্রচেষ্টা রুখে দেন। ৭৯ মিনিটে সুইডিশ স্ট্রাইকার মার্কাস অ্যালব্যাক ডি বক্সের মধ্যে হিসলপকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের প্রথমেই এভেরি জন দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলে বাকী সময়টুকু ত্রিনিদাদকে ১০ জন নিয়েই খেলতে হয়।
খেলার ফলাফল সুইডেনের জন্য দুর্ভাগ্যজনকই বলতে হবে। সাত সাতটি কর্নারের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সুইডিশ স্ট্রাইকাররা। পুরো দ্বিতীয়ার্ধ জুড়ে আক্রমণের পর আক্রমণ শানিয়ে গেছে তারা। তবে ত্রিনিদাদের গোলরক্ষক হিসলপের একক কৃত্বিত্বের কাছে শেষপর্যন্ত পরাজয় মানতেই হয়েছে। আর আন্ডারডগ ত্রিনিদাদ ও টোবাগোর কাছে এই ড্র তাদের বিশ্বকাপ অভিযানের জন্য রীতিমতো শুভ সূচনা।
১৫ জুন ত্রিনিদাদ ও টোবাগো ন্যুরেমবাগ শহরে তাদের দ্বিতীয় গ্র“প ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে । একই দিনে বার্লিনে সুইডেন মুখোমুখি হতে যাচ্ছে গ্র“পের অপর দল প্যারাগুয়ের।
