২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সি গ্রুপে নেদারল্যান্ডস - সার্বিয়া ও মন্টেনিগ্রোর ম্যাচ আজ

টোটাল ফুটবলের প্রবর্তক হল্যান্ড বা নেদারল্যান্ডস ফুটবল বিশ্বের সেই হতভাগাদের মধ্যে পড়ে যাদের ক্রীড়াশৈলী বিশ্ব জুড়ে কোটি কোটি দর্শকের মন মাতালেও শিরোপার স্বাদ নিতে পারেনি একবারও। একাধিকবার ফেভারিটের তকমা লেগেছে জার্সির রঙের কারণে অরেঞ্জ নামে পরিচিত নেদারল্যান্ডস - এর গায়ে, কিন্তু কোনোবারই শিকে ছেঁড়েনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 11:13 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এবারের বিশ্বকাপেও শিরোপার অন্যতম দাবিদার নেদারল্যান্ডস। এক সময়ের দুর্ধর্ষ স্ট্রাইকার মার্কো ভ্যান বাস্তেনের কোচিংয়ে দলে সমাবেশ ঘটেছে এক ঝাঁক তরুণ খেলোয়াড়ের। রোববার তাদের বিশ্বকাপযাত্রা শুরু হবে দুই দেশের এক দল সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে।

নেদারল্যান্ডস দলের বেশির ভাগ সদস্য বয়সে তরুণ হলেও তাদের আক্রমণভাগে আছেন অভিজ্ঞ স্ট্রাইকার রুড ভ্যান নিস্টলরয়। তবে দলটিতে ইনজুরি সমস্যা আছে, বিশেষ করে মধ্যমাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় রাফায়েল ভ্যান ডার ভার্টকে নিয়ে কোচের দুশ্চিন্তা এখনো দূর হয়নি।

গত দুই বছরে কোচ বাস্তেনের অধীনে দলটি হেরেছে মাত্র একবার। ইতালীর সাথে প্রীতি ম্যাচে ৩-১ ব্যবধানে তাদের পরাজয়টিই জাতীয় দল হিসেবে তাদের সর্বশেষ পরাজয়। বর্তমানে বিশ্ব র‌্যাংকিংয়ে নেদারল্যান্ডসের অবস্থান তিন।

সার্বিয়া ও মন্টেনিগ্রো অতি সম্প্রতি -  মাত্র গত মাসে গণভোটের মাধ্যমে পৃথক দুই দেশ হয়েছে। সাবেক সমাজতান্ত্রিক যুগোশ্লাভিয়ার অংশ এই দুই দেশের একক জাতীয় দলের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহন সম্ভবত এই প্রথম আর এই শেষ।

সি গ্র“পের এই দুই দলের মধ্যে বাছাই পর্বের পারফরমেন্স বিবেচনায় সার্বিয়া ও মন্টেনিগ্রোর ভরসা শক্তিশালী রক্ষণভাগ। তাদের রক্ষণভাগকে বলা হচ্ছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী। তবে অধিনায়ক সাভো মিলোসেভিকের মতে, কেবল নিজেদের দূর্গ সামলাতেই নয়, তার দল বিপক্ষের দূর্গে হানা দিতেও সমান পারঙ্গম।

ইতালী লীগে ওসাসুনা - র হয়ে খেলা এই ফরোয়ার্ড তাই রোববারের ম্যাচটিতে উভয় দলেরই ৫০ - ৫০ চান্স আছে বলে ভাবছেন।

খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। আর্জেন্টিনা - ব্রাজিলের মতো ব্যাপক সংখ্যায় না হলেও বাংলাদেশে হল্যান্ড দলের সমর্থক খুব একটা কম নেই। নব্বইয়ের দশকের রুড খুলিত, ক্লুইভার্টদের উত্তরসূরীদের এবারের বিশ্বকাপ অভিযান কোথায় গিয়ে ঠেকে, তার শুরুটা বোঝা যাবে আজই।