প্যারাগুয়ের বিরুদ্ধে ভাগ্যক্রমে জিতলো ইংল্যান্ড
বিশ্বকাপ ফুটবলের ‘বি’ গ্র“পের প্রথম খেলায় অন্যতম ফেভারিট ইংল্যান্ড প্যারাগুয়ের বিরুদ্ধে কোনোক্রমে ১-০ গোলে জয়লাভ করেছে।
খেলা শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মাথায় একমাত্র গোলটির দেখা পায় ইংল্যান্ড। পেনাল্টি বক্সের বাইরে থেকে বেকহ্যামের দর্শনীয় বাঁকানো ফ্রি কিকটি প্যারাগুয়ের ডিফেন্ডার কার্লোস গামারা’র মাথায় লেগে গোলরক্ষক জাস্টো ভিলারকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করলে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।
প্রথম থেকেই দারুণ আক্রমণাত্মক ইংল্যান্ড প্রথমার্ধের পুরো সময়টা বল নিয়ন্ত্রণে রাখে। প্যারাগুয়েকে বেকহ্যামরা এমনই চাপের মুখে রাখেন যে ইংলিশ কিপার পল রবিনসন খেলার ১৩ মিনিটের মাথায় প্রথম বল ধরার সুযোগ পান।
মিড ফিল্ডার স্টিফেন জেরার্ড অধিনায়ক বেকহ্যামের মতোই টোটাল ফুটবল খেলেছেন। ফরোয়ার্ড পিটার ক্রাউচও খেলেছেন চমৎকার। প্রথমার্ধে বেকহ্যাম, মাইকেল ওয়েন ও ল্যাম্পার্ড ভালো খেললেও গোলের সংখ্যা আর বাড়াতে পারেননি। প্যারাগুয়ের রক্ষণভাগের দৃঢ়তায় তাদের পরবর্তী আক্রমণগুলো ব্যর্থ হয়ে যায়।
খেলার ৫ মিনিটের মাথায় প্যারাগুয়ের গোলরক্ষক জাস্টো ভিলার ইংল্যান্ডের আক্রমণ ঠেকাতে গিয়ে আহত হলে তার বদলে অপর গোলরক্ষক এলডো বোডডিলা মাঠে নামেন।
দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠলেও বৃটিশ রক্ষণভাগে খুব একটা ফাটল ধরাতে পারেনি প্যারাগুয়ে। বেশ কয়েকটি আক্রমণ রচনা করেও কোনোটাই কাজে লাগাতে পারেনি প্যারাগুয়ের স্ট্রাইকাররা। এখন দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে তাদেরকে গ্র“পের বাকী ম্যাচগুলোতে জিততে হবে।
১৫ জুন ইংল্যান্ড তাদের দ্বিতীয় গ্র“প ম্যাচে ন্যুরেমবার্গ শহরে মুখোমুখি হবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা অপেক্ষাকৃত দুর্বল দল ত্রিনিদাদ ও টোবাগো’র । একই দিনে বার্লিনে মুখোমুখি হতে যাচ্ছে গ্র“পের অপর দুটি দল সুইডেন ও প্যারাগুয়ে।
