২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না শোয়েবের

ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী মাস থেকে অনুষ্ঠেয় টেস্ট সিরিজে অংশ নিতে পারছেন না পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার। শোয়েব এখনও গোড়ালির ইনজুরি থেকে আরোগ্য লাভ করেননি বলে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র এক কর্মকর্তা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 10:44 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র মুখপাত্র আব্বাস জাহিদি বলেন, “আমরা আখতারের এমআরআই স্ক্যান প্রতিবেদনটি দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু তা আখতারের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে। একজন ফাস্ট বোলারের ফিটনেস ফিরে পেতে যা কিছু প্রয়োজন আখতার তা এখনও ফিরে পাননি।”

শোয়েব আখতারকে পরবর্তী তিন সপ্তাহ বল না করার পরামর্শও দেয়া হয়েছে বলে বোর্ড মুখপাত্র জানান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

জাহিদি বলেন, “ইংল্যান্ড সফরে শোয়েব আখতারকে কবে ও কিভাবে পাঠানো হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিটির সভায়।”

পাকিস্তান ক্রিকেট দলের কোচ বব উলমার বলেন, “এটা আখতারের পুরনো ইনজুরি এবং গত বছর থেকেই এই ইনজুরিতে ভুগছেন।”

এ বছরের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ায় দু’পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করার পর থেকে আন্তর্জাতিক ম্যাচে অংশ নেননি শোয়েব আখতার।

আট বছরের পেশাগত ক্রিকেট খেলায় বহুবার ইনজুরিতে পড়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার।

১৩ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।