২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফরের ডবল সেঞ্চুরিতে ব্যাকফুটে ওয়েস্ট ইণ্ডিজ

ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরের চমৎকার ডবল সেঞ্চুরি আর মহেন্দ্র সিং ধোনির ঝড়ো ৬৯ রান স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 03:02 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সফরকারী ভারত প্রথম টেস্টের চতুর্থ দিনে দুই উইকেটে ২১৫ রান নিয়ে দিন শুরু করে। দিনের খেলার কিছুক্ষণ বাকি থাকতেই ছয় উইকেটে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে। ওয়েস্ট ইণ্ডিজকে জিততে হলে ৩৯২ রান করতে হবে। চতুর্থ দিনের শেষ ভাগে তারা কোনো উইকেট না হারিয়ে তুলেছে ১৩ রান।

প্রথম টেস্টে ভারত ১৩০ রানে পিছিয়ে থেকে জাফরের চমৎকার সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরে আসে। জাফর প্রায় সাড়ে ৮ ঘন্টা ক্রিজে থেকে ৩৯৯ বল খরচ করে ২৪টি চার ও একটি ছয়ের মারে ২১২ রানে ব্রাডশ’র বলে বোল্ড আউট হয়ে ফিরে যান।

দিনের শেষ দিকে মাঠ মাতান ভারতের নতুন সেনসেশন ধোনী। ছয়টি ছয়ের মারে তিনি ৬৯ রানের বিধ্বংসী একটি ইনংস খেলেন।

তবে তার আউটটি নিয়ে সৃষ্টি হয় বিতর্কের। বাউণ্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা ওয়েস্ট ইণ্ডিয়ান ফিল্ডার ড্যারেন গঙ্গা ধোনির ক্যাচটি ঠিক মত নিয়েছেন কি না তা নির্ধারণ করতে আম্পায়ররা সময় নেন ১০ মিনিট। এতে ক্যাপ্টেন ব্রায়ান লারাকে বেশ রাগান্বিতও মনে হয়।

পরে অবশ্য ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান গঙ্গার কথাকেই মেনে নেন। এখানেই  ইনিংস ঘোষণা করে ভারতীয় শিবির।

ধোনী বলেন, আমি জানি না ক্যাচটি সত্যিই ঠিক মত নেওয়া হয়েছিল কিনা। কিন্তু পরে লারা এসে আমাকে বললেন, আমার খেলোয়াড় সত্যি কথা বলছে, সে কারণে আমি বললাম, ঠিক আছে এবং এরপর প্যাভিলিয়ানের দিকে হাটা শুরু করলাম।