লী ও শোয়েবের বোলিং অ্যাকশন সন্দেহজনক: রবার্টস
অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লী ও পাকিস্তানের পেসার শোয়েব আখতারের বোলিং অ্যাকশনের বিষয়ে প্রশ্ন তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ফাস্ট বোলার এন্ডি রবার্টস। ফলে বোলারদের বিরুদ্ধে বল চাকিংয়ের বিষয়টি নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
রবার্ট বলেন, “বর্তমানে ভাল মানের ফাস্ট বোলার পাওয়া যাচ্ছে না। লী ও শোয়েব উভয়ের বোলিং অ্যাকশনই সন্দেহজনক। শুধু আমি নই, ক্রিকেট বিশ্বের অনেকেই এটাই মনে করেন। আমি তাদের বোলিং অ্যাকশন দেখেছি। আমি মনেকরি ব্রেট লী অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু তার বোলিংয়ে দুই--একটি বলের অ্যাকশন মাঝে মাঝে সন্দেহজনক হয়।”
লী ও শোয়েব উভয়ই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র কাছে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে।
১৯৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সেরা ফাস্ট বোলার রবার্টস বলেন, “একপাশ থেকে শোয়েবের বোলিং অ্যাকশন লক্ষ্য করলে তার সমস্যাটি বেশি বোঝা যায়।”
তিনি আরও বলেন, “সত্যি কথা বলতে, ক্রিকেট খেলায় হাত বাঁকানোর বিষয়টি উৎসাহিত করছে আইসিসি। ১৫ ডিগ্রি হাত বাঁকানোর সুবিধা দেওয়ার ফলে ক্রিকেটারদের হাত বাঁকানোর প্রতি উৎসাহিত করা হচ্ছে।”
প্রকৃত ফাস্ট বোলার হারিয়ে যাওয়ার জন্য কোচদের সমালোচনা করে ৫৫ বছর বয়সি গ্রেট রবার্ট জানান, ফাস্ট বোলার জন্মগ্রহণ করে, তাদের তৈরি করা যায় না।
