২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে ক্রিকেটাররা

বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে আর মাত্র আটদিন বাকি। এরই মধ্যে পৃথিবীর প্রতিটি দেশের মতো বাংলাদেশও বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। আর এই উন্মাদনা এখন ছড়িয়ে পড়েছে দেশের ক্রিকেটারদের মাঝেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগই হয় ব্রাজিল না হয় আর্জেন্টিনার সমর্থক। পছন্দের দল বিশ্বকাপ জিতবে এমনটাই ভাবছেন একেক জন।

বেঙ্গল টাইগাররা জুলাই মাসের কেনিয়া ও জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি নিয়েই ব্যাস্ত। প্রাথমিক পর্যায়ে ১৯ জন ক্রিকেটার ডাক পেলেও ঢাকা আর্মি স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনে  উপস্থিত ১৭ জন ক্রিকেটার অনুশীলনের ফাঁকে ফাঁকেই তাদের বিশ্বকাপ ভাবনা ও পছন্দের কথা জানালেন।

ব্রাজিলের অন্ধ ভক্ত অধিনায়ক হাবিবুল বাশার সুমন আশাপ্রকাশ করে বলেন, পৃথিবীর সেরা ফুটবলারদের নিয়ে গঠিত ব্রাজিল দলই এবারের বিশ্বকাপ জিতে ষষ্ঠবারের মতো সেরা দল হওয়ার গৌরব অর্জন করবে।

বাশারের দ্বিতীয় পছন্দ পর্তুগাল। জার্মানিতে ব্রাজিল যদি ভালো কিছু করতে না পারে তাহলে ‘ইউরোপের ব্রাজিল’ হিসেবে খ্যাত পর্তুগালকেই সমর্থন করবেন বলে সুমন জানালেন।

হাবিবুলের ডেপুটি খালেদ মাসুদও ব্রাজিলের অন্ধ সমর্থক। অনুশীলনে হলুদ টি শার্ট উঁচিয়ে ব্রাজিলের প্রতি তার সমর্থন জানিয়ে বলেন, ব্রাজিলের খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।

মাসুদ আরো জানালেন, সেই ছোটবেলা থেকেই ব্রাজিলের ছন্দময় খেলা দেখে সমর্থক হয়ে ওঠা। আর এখন খেলা ভালো লাগে রোনালদিনহোর খেলা।

মোহাম্মদ রফিক ব্রজিল ভক্ত হলেও এবার জার্মানি অথবা ইংল্যান্ড বিশ্বকাপ জিতবে বলে তার ধারণা।

তিনি বলেন, ক্রিকেট ক্যারিয়ার শুরু করার আগে আমি একজন ফুটবলার ছিলাম। সেসময় থেকেই আমি ব্রাজিলের সমর্থক।

ওপেনার জাভেদ ওমর বেলিম আর্জেন্টিনার সাপোর্টার। তিনি বলেন, তিনি অন্ধ সমর্থক নন। তিনি সবসময় আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখার চেষ্টা করেন।

তরুণ মাশরাফি অবশ্য আর্জেন্টিনার অন্ধ ভক্ত এবং তিনি মনে করেন এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।

তিনি বলেন, কেউই আর্জেন্টিাকে হিসেবে আনছে না কিন্তু আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবে এ ব্যাপারে আমি বাজি ধরতে পারি।