পেশাদার লিগ সুনির্দিষ্ট রূপ পেতে সময় লাগবে: এএফসি
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা বুধবার বলেছেন, বাংলাদেশে পেশাদার ফুটবল লিগ একটি সুনির্দিষ্ট রূপ পেতে সময়ের প্রয়োজন। ফুটবলে পেশাদারিত্ব প্রতিষ্ঠা করা এত সহজ নয়।
এএফসির ন্যাশনাল অ্যাসোসিয়েশনস অ্যান্ড ক্লাবস ডিপার্টমেন্টের পরিচালক ব্রেন্ডন মেন্টন বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাংবাদিকদের বলেন, সংক্ষিপ্ত সময়ে আমরা মিরাকল কিছু অর্জন করবো এমনটা ভাবা ঠিক হবে না।
এ সময় বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান কাজী সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।
পেশাদার লিগে অংশগ্রহণকারী বারটি দলের প্রতিনিধিদের তিনদিনের কর্মশালা পরিচালনার জন্য বাংলাদেশ সফররত তিন সদস্যের এএফসি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রেন্ডন। প্রতিনিধিদলের অন্য দু’জন হলেন - ন্যাশনাল অ্যাসোসিয়েশনস অ্যান্ড ক্লাবস ডিপার্টমেন্টের কর্মকর্তা ইমতিয়াজ রহমান ও সুব্রত সুরেশ।
ব্রেন্ডন বলেন, বাংলাদেশে সেপ্টেম্বরে পেশাদার ফুটবল লিগের প্রবর্তন হবে ভিশন বাংলাদেশের আওতায় প্রথম বড় ধরনের অগ্রগতি।
তিনি বলেন, মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশে জে লিগের মতো লিগ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একটি শক্তিশালী পেশাদার লিগ প্রতিষ্ঠা করার জন্য আমরা ধীরস্থির কৌশল অবলম্বন করতে চাই।
বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের ফুটবলের জন্য এটি হবে ঐতিহাসিক উদ্যোগ।
এদিকে ফরিদপুর ডিএসএ’র কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় পেশাদার লিগ থেকে তাদেরকে বাদ দেওয়া হতে পারে। গত প্রিমিয়ার লিগে অষ্টম স্থান অধিকার করা রহমতগঞ্জকে ফরিদপুরের জায়গায় খেলার সুযোগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।
পেশাদার লিগের অন্যান্য দলগুলো হচ্ছে - আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ কেএস, শেখ রাসেল কেসি, ফরাশগঞ্জ এসসি, আরামবাগ কেএস, চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্র, চট্টগ্রাম মোহামেডান এসসি ও খুলনা আবাহনী ক্রীড়া চক্র।
পেশাদার লিগের জন্য খেলোয়াড়দের দলবদল শুরু হবে জুলাইয়ের মাঝামাঝিতে।
