মাদারীপুরে বৃষ্টি উপেক্ষা করে ‘পিংক সিটি ক্রিকেট মেধার খোঁজে’ সমাপ্ত
সারা দেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেট প্রতিভা অন্বেষণে ‘দি পিংক সিটি ক্রিকেট মেধার খোঁজে’- দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে সোমবার প্রবল বর্ষণের মধ্যে দিয়ে মাদারীপুরের বাছাই কার্যক্রম শেষ হয়েছে।
বিচারকরা মাদারীপুরের বিভিন্ন থানা এবং পার্শ্ববর্তী প্রত্যন্ত অঞ্চলের সাড়ে চারশ প্রতিযোগীর মধ্য থেকে কয়েকজনকে নির্বাচন করেছে।
নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন, জালাল আহম্মেদ চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, সাইফুল ইসলাম, হান্নান সরকার, বিকাশ রঞ্জন দাস, মাসুদুর রহমান মুকুল, আব্দুল করিম জুয়েল, মজিবর রহমান অন্ত, দেবব্রত পাল।
এ ছাড়া ‘ফাইভ পি ইভেন্টস’র পরিচালক কামরুল হাসান বাপ্পী, তাউস রানা এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের চলতি রানার্স আপ সোনারগাঁও ক্রিকেটার্স--এর প্রেসিডেন্ট ওয়াসিক রফিক পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাট ও মাদারীপুর অঞ্চলে প্রতিভা অন্বেষণের পর আগামী ১ জুন কুষ্টিয়া এবং ২ জুন মাগুরায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাঁচ জুন থেকে শুরু হবে চট্টগ্রাম অঞ্চলের অনুসন্ধান।
এর আগে কিশোরগঞ্চ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় অংশগ্রহণকারী ২৫০০’র বেশি প্রতিযোগীর মধ্য থেকে ২৮ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
দি পিংক সিটি’র পৃষ্ঠপোষকতা এবং আল--হাসান গ্রুপ ও ফাইভ পি হোম সলিউশনের সৌজন্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই।
