শেষ ম্যাচে ভারতকে ১৯ রানে ধরাশায়ী করে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ
সফরকারী ভারতের বিরুদ্ধে পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ ১৯ রানে জিতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে নিয়েছে।
কুইন্স পার্ক ওভালে ডোয়াইন ব্রাভোর অপরাজিত ৬২ রানের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে। জবাবে ৪৮ ওভারের মধ্যে সব উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ২৩৬ রান।
২০০৪ সালে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করার পর এটাই ক্যারিবীয়দের প্রথম গুরুত্বপূর্ণ শিরোপা লাভ।
নিজেদের মাটিতে এই সিরিজ জয় ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজকে ২০০৭ সালের বিশ্বকাপে আরও অনুপ্রাণিত করবে।
টস জিতে রাহুল দ্রাবিড় স্বাগতিকদের ব্যাট করার আহবান জানান। ব্যক্তিগত প্রথম বলেই ভারতীয় পেসার আগারকার ক্যারিবীয় উদ্বোধনী ব্যাটসম্যান চ্যাটারগনকে আউট করলেও অপর উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের সাথে রামনরেশ সারওয়ান দ্বিতীয় উইকেট জুটিতে ৮২ রান সংগ্রহ করেন।
গেইল ৫১ রান করে সেওয়াগের বলে ও সারওয়ান ৫২ রান করে শ্রীশান্তের বলে আউট হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারা ৬২ বল মোকাবেলা করে ৩৬ রান করার পর রান আউট হয়ে যান।
ম্যাচের শেষের দিকে ডোয়াইন ব্রাভো চমৎকারভাবে ৬২ রানে অপরাজিত থেকে দলকে ২৫৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সমর্থ হয়।
ভারতীয় ফাস্ট বোলার আগারকার ২ টি উইকেট তুলে নেন।
জবাবে ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দ্র সেওয়াগ ৯৫ রান করলেও সতীর্থদের ব্যর্থতায় তা মূলত অকার্যকরই থেকে যায়। সেওয়াগ ১০ টি বাউন্ডারি ও একটি বল ছক্কা হাকিয়ে এই রান করেন।
ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং ও মোহাম্মদ কাইফ দ্রুত প্যাভিলিয়নে ফিরে গেলে চাপের মুখে পরে সফরকারী ভারত।
ভারতীয় দলনায়ক রাহুল দ্রাবিড় ব্যক্তিগত ১৮ রানের মাথায় অযথা রান নিতে গিয়ে রান আউট হয়ে যান।
ক্যারিবীয় বোলারদের মধ্যে টেইলর ও মোহাম্মদ ৩ টি করে উইকেট তুলে নেন।
