২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট দলে দুই নতুন মুখ

জুলাইতে জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন দুই নবীন ক্রিকেটার ফরহাদ রেজা এবং শাকিব আল হাসান। রোববার জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াডের নেতৃত্বে বহাল রয়েছেন যথারীতি হাবিবুল বাশার। জিম্বাবুয়ে সফরকে ঘিরে প্রাথমিক দল ১ জুন থেকে আর্মি স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে।

নবীন দুই ক্রিকেটারকে দলে টানা প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিডিনিউজকে জানান, নতুন দু’জনই নিজেদের যোগ্যতাবলেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশ এ দল এবং বিভিন্ন বয়স ভিত্তিক দলের হয়ে দুই ক্রিকেটারই আশাব্যাঞ্জক পারফরম্যান্স দেখাতে পেরেছে বলে জানান প্রধান নির্বাচক।

অলরাউন্ডার ফরহাদ রেজা এবং শাকিব আল হাসান দু’জনই ওয়ানডে স্কোয়াডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন ফারুক আহমেদ।

এদিকে ফর্মহীনতার কারণে তিনমাস মাঠের বাইরে থাকার পর পুনরায় দলে ফিরেছেন জাতীয় দলের আরেক পেসার তাপস বৈশ্য।

অন্যদিকে লিভারপুলের রেইনহিল ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে ইংল্যান্ড অবস্থান করা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশত্যাগের পাঁচ -- সাতদিন আগে দলের সাথে অনুশীলনে যোগ দেবেন বলে জানিয়েছেন ফারুক।

বুলাওয়েতে ২৯ জুলাই জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ মাচ সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড: হাবিবুল বাশার, শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, তুষার ইমরান, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক রাজ, মাঞ্জারুল ইসলাম রানা, খালেদ মাসুদ, মুশফিকুর রহিম, অলক কাপালী, ফরহাদ রেজা, শাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, সৈয়দ রাসেল, শাহাদত হোসেন রাজীব, তাপস বৈশ্য।