বিশ্বকাপের জন্য পরীক্ষা পেছানোর দাবিতে বুয়েটে ছাত্র বিক্ষোভ
বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার পর পরীক্ষা আযোজনের দাবিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রছাত্রীরা রোববার ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।
এর আগে শনিবার ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের কাছে ৩ জুন থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা পেছানোর দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে।
ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের শ’খানেক ছাত্রছাত্রী সকাল থেকেই ক্যাম্পাসের সামনের রাস্তায় অবস্থান গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ব্যারিকেড দেয়।
বিক্ষোভ চলাকালে ছাত্ররা মিছিল করে এবং তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছে বিক্ষোভরত ছাত্রছাত্রীরা।
