২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সফর মুলতবি করলো পাকিস্তান

আগামী সেপ্টেম্বর মাসে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার জন্য জিম্বাবুয়ে সফরে কথা থাকলেও আর্থিকভাবে লাভজনক হবে না বিধায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তা মুলতবি করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 09:13 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

পিসিবি’র চেয়ারম্যান শাহরিয়ার খান জিম্বাবুয়ের ক্রিকেট কর্তৃপক্ষকে একটি পত্রের মাধ্যমে এই বিষয়টি অবহিত করেছেন এবং পরামর্শ দিয়েছেন, পাকিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে একটি একদিনের আন্তর্জাতিক সিরিজ ও চার দিনের ম্যাচ আয়োজন করার।

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজটি ২০০৮ সাল পর্যন্ত মুলতবি রাখা হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন সিনিয়র কর্মকর্তা জানান।

টেলিভিশন সম্প্রচার ও স্পন্সরদের অনাগ্রহতার কারণেই মূলত সিরিজটি আয়োজন করা হচ্ছে না বলে সংশ্লিষ্টরা মনে করেন।

পত্রে শাহরিয়ার খান স্পষ্টভাষায় জানিয়ে দেন, সিরিজে আর্থিক সফলতা পাওয়ার জন্য সেপ্টেম্বর মাসের মধ্যে জিম্বাবুয়ে কিছু করতে পারলে আসরটি অনুষ্ঠিত হতে পারে। আর তা না হলে জিম্বাবুয়ে, পাকিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে খেলতে পারে।

পত্রে আরও বলা হয়, সম্প্রতি সাধারণ নৈপুণ্য দেখানোর কারণে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের কাছ থেকে চাপের সম্মুখীন হচ্ছে। সিরিজ মুলতবি করার বিষয়ে পিসিবি’র সিদ্ধান্ত নিয়ে যুক্তি প্রদর্শনের চেষ্টা করবেন না।