টেনিস এলবো ইনজুরি কাটাতে অস্ত্রোপচার করাবেন ক্যালিস
বিশ্বের সেরা অল--রাউন্ডার জ্যাক ক্যালিস টেনিস এলবো ইনজুরি থেকে সেরে উঠার জন্য আগামী সপ্তাহে অস্ত্রোপচার করাবেন।
গত বছরের নভেম্বার মাস থেকেই প্রোটিয়াস অলরাউন্ডার ক্যালিস টেনিস এলবোর ইনজুরিতে ভুগছিলেন।
৩০ বছর বয়সি প্রোটিয়াস সহ--অধিনায়ক ক্যালিস ইনজুরির কারণে গত বছর অস্ট্রেলিয়া সফরে দলের সাথে যেতে পারেননি। এ বছরের আগস্ট মাসে শ্রীলঙ্কা সফরেও দলের সাথে থাকতে পারবেন কি না তা এখনও অনিশ্চিত।
দক্ষিণ আফ্রিকা দলের ফিজিওথেরাপিস্ট শেন জ্যাবার বলেন, “সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০০৭ সালে বিশ্বকাপ ক্রিকেট আসরের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন।”
তিনি আরও বলেন, “পরবর্তী বুধবার এক ঘন্টা ধরে তার কনুইয়ের অস্ত্রোপচার করা হবে এবং একই দিন তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে তাকে পুরোপুরি খেলায় ফেরার জন্য চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ”
এদিকে দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থার, ক্যালিসের অস্ত্রোপচার করার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, এই অস্ত্রোপচার ক্যালিসকে দীর্ঘ দিন দলে খেলতে সাহায্য করবে।
উইন্ডিজ লিজেন্ড স্যার গ্যারি সোবার্সের পর জ্যাক ক্যালিস হলেন দ্বিতীয় ক্রিকেটার যিনি ব্যক্তিগত ৮০০০ রান করার পাশাপাশি ২০০ উইকেট পেয়েছেন।
