পেশাদার লিগে প্রতিটি দলে চারজন করে বিদেশী ফুটবলার খেলতে পারবেন
এ বছর সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া পেশাদার ফুটবল লিগে অংশগ্রহনকারী দলগুলো প্রতি ম্যাচে চারজন করে বিদেশী ফুটবলার মাঠে নামাতে পারবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বৃহস্পতিবার পেশাদার লিগে অংশগ্রহনকারী ১২ টি দলের প্রতিনিধিদের সাথে লিগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বৈঠক শেষে লিগ কমিটির সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, বৈঠকে উভয়পক্ষই পেশাদার লিগের প্রতি ম্যাচে প্রতিটি দলের পক্ষে চারজন করে বিদেশী খেলোয়াড় মাঠে নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিদেশী খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের ব্যাপারটি থাকবে ক্লাবগুলোর হাতে।
লিগ কমিটির চেয়ারম্যান কাজী সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ফুটবলারদের রেজিস্ট্রেশন ১৫ জুলাই থেকে শুরু করে লিগ শুরু হওয়ার আগেরদিন পর্যন্ত চালু রাখার ব্যাপারেও সিদ্ধান্ত গৃহিত হয়। এর আগে খেলোয়াড়দের দলবদল ৩১ আগস্ট পর্যন্ত চালু রাখার কথা ছিল। তবে দেশে প্রথমবারের মত আয়োজিত এই পেশাদার লিগ চালুর দিনক্ষণ এখনও চুড়ান্ত হয়নি।
পেশাদার লিগ সম্পর্কে অংশগ্রহনকারী দলগুলোকে পরিস্কার ধারনা দিতেই বাফুফে এই বৈঠকের আযোজন করে। এদিকে পেশাদার লিগ সম্পর্কিত এএফসির একটি তিনদিন ব্যাপী কর্মশালা ২৯ মে থেকে শুরু হচ্ছে। আইরিস ব্রান্ডেনের নেতৃত্বে এএফসির তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এই কর্মশালা পরিচালনা করবে।
সোহাগ জানান, বৈঠকে খেলোয়াড়দের ট্যাক্স প্রদান, বিদেশী খেলোয়াড়দের বাংলাদেশে ওয়ার্ক পারমিট প্রদানসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। লিগ কমিটি এ সব প্রশ্নসমূহ এএফসির কর্মশালায় উত্থাপনের জন্য প্রতিনিধিদের পরামর্শ দিয়েছেন।
পেশাদার লিগে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, শেখ রাসেল কেসি, আরামবাগ কেএস, ফরাশগঞ্জ এসসি, চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম মোহামেডান, খুলনা আবাহনী, জালালাবাদ ফুটবল লিমিটেড এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা।
