২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা অলিম্পিয়াডে ফের জয়ের ধারায় বাংলাদেশ পুরুষ দল

ইতালির তুরিনে ৩৭ তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ পুরুষ দল পুনরায় জয়ে ধারায় ফিরেছে। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে বুধবার পুরুষ দল আড়াই -- দেড় পয়েন্টে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 05:37 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

অন্যদিকে উল্টো ঘটনা ঘটেছে মহিলা দাবা দলের ক্ষেত্রে। আগের দুই রাউন্ডে যথাক্রমে নিউজিল্যান্ড এবং আইসিএসসি’র (ইন্টারন্যাশনাল কমিটি ফর সাইলেন্ট চেস) বিরুদ্ধে জয় পেলেও চতুর্থ রাউন্ডে মহিলা দল ইরানের সাথে দেড় পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে।

চতুর্থ রাউন্ডের খেলা শেষে পুরুষ দলের সংগ্রহ নয় পয়েন্ট আর মহিলা দল সংগ্রহ করেছে সাড়ে ছয় পয়েন্ট।

পুরুষদের বিভাগে ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ আন্তর্জাতিক মাষ্টার আলভিফ্যাকোর বিরুদ্ধে জয় পেলেও গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার এবং আব্দুল্লাহ আল রাকিব যথাক্রমে আন্তর্জাতিক মাষ্টার এনকিউবেউর মার্টিন, ডেনার জর্জ এবং পিলাজ হারউইগের সাথে ড্র করেন।

মহিলাদের বিভাগে মহিলা আন্তর্জাতিক মাষ্টার রাণী হামিদ জয় পেয়েছেন পৌরকাসিয়ান আতৌসার বিরুদ্ধে। আরেক মহিলা আন্তর্জাতিক মাষ্টার তনিমা পারভীন পয়েন্ট ভাগাভাগি করেছেন নভাবী শিরিনের সাথে। কিন্তু আন্তর্জাতিক মহিলা মাষ্টার ঘাদেরপৌর তালেঘানি শাইয়েস্তেনের বিরুদ্ধে হেরে গেছেন নজরানা খান ইভা।