ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল: নতুন মুখ পাওয়ার, রায়না ও বিক্রম
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী মাস থেকে অনুষ্ঠেয় টেস্ট সিরিজে খেলার জন্য অফ--স্পিনার রামনরেশ পাওয়ার, ব্যাটসম্যান সুরেশ রায়না ও ফাস্ট বোলার বিক্রম রাজবীর সিংকে দলে নিয়েছে ভারতীয় নির্বাচকরা।
পাওয়ার, রায়না ও বিক্রম ভারতের পক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেললেও এবার তাদের টেস্ট ম্যাচেও অভিষেক হতে যাচ্ছে।
প্রধান নির্বাচক কিরণ মোরে বলেন, “ভবিষ্যতের চিন্তা মাথায় রেখেই আমরা দল ঘোষণা করেছি। দল ঘোষণার আগে আমরা ওয়েস্ট ইন্ডিজে অবস্থানরত দলের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি।”
পাওয়ার ভারতের পক্ষে ১২ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তারকা অফ--স্পিনার হরভজন সিং ও অভিজ্ঞ অনীল কুম্বলেকে সহযোগিতা করার লক্ষ্যেই তাকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।
২৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের পুরস্কারস্বরূপ ১৯ বছর বয়সি রায়নাকে দলে নেওয়া হয়েছে। অপরদিকে অজিত আগারকারের বদলে দলে জায়গা পেয়েছেন বিক্রম সিং।
মোরে বলেন, “ঘরোয়া ক্রিকেটে বিক্রম ভাল খেলেছে। আমরা তার ক্রীড়া নৈপুণ্য দেখে খুশি হয়েছি। আগারকার একজন ভাল ওয়ান ডে ক্রিকেটার। তবে টেস্ট ক্রিকেটে তার নৈপুণ্য ততটা ভাল নয়।”
২ জুন এন্টিগুয়াতে প্রথম টেস্টে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। তাছাড়া সেন্ট লুসিয়া, সেন্ট কিটস ও জ্যামাইকায় আরও তিনটি টেস্ট ম্যাচ খেলা হবে।
ভারতীয় দল: রাহুল দ্রাবিড় (অধিনায়ক), বিরেন্দ্র সেওয়াগ, ওয়াসিম জাফর, ভিভিএস লক্ষণ, মোহাম্মদ কাইফ, যুবরাজ সিং, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, রমেশ পাওয়ার, হরভজন সিং, অনীল কুম্বলে, ইরফান পাঠান, এস শ্রীশান্ত, বিক্রম রাজবীর সিং ও মুনাফ প্যাটেল।
