২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির পুল প্রথার পক্ষে অনড় শীর্ষ ক্লাবগুলো

আসন্ন প্রিমিয়ার হকি লিগে পুল প্রথার পক্ষে দেশের তিন শীর্ষ ক্লাব- আবাহনী, মোহামেডান এবং মেরিনার ক্লাব তাদের আগের অবস্থানে অনড় রয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

এদিকে বৃহস্পতিবার নির্বাহী কমিটির বৈঠকের আগে বুধবার বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। বৈঠকে রেলওয়ে ছাড়া প্রিমিয়ার লিগের সবকটি ক্লাবের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফেডারেশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহিন মাহমুদ, শাহরিয়ার আলম, প্রতাপ শংকর হাজরা, সাধারণ সম্পাদক শামসুল বারী, যুগ্ম সম্পাদক রহমতউল্লাহ এবং কোষাধ্যক্ষ আব্দুর রশিদ শিকদার।

বৈঠকে ফেডারেশনের কর্মকর্তারা খেলোয়াড়দের পুল সংক্রান্ত বৃহস্পতিবারের সভার সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য ক্লাব প্রতিনিধিদের আহ্বান জানান।

শামসুল বারী জানান, বৈঠকে ক্লাব কর্মকর্তারা দু’টি দাবী জানিয়েছেন। এগুলো হচ্ছে- প্রিমিয়ার এবং প্রথম বিভাগ লিগের জন্য পৃথক কমিটি গঠন এবং পুল প্রথার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহন।

বৈঠকের একটি সূত্র জানায়, পুল প্রথা না রাখলে বিদেশী খেলোয়াড়দের কোটা উন্মুক্ত রাখার ব্যাপারে মত দিয়েছে শীর্ষ ক্লাবগুলো। অন্যদিকে কয়েকটি ক্লাবের অবস্থান ছিল পুল প্রথার পক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্রসহ বেশকিছু ক্লাব পুলের পক্ষে অবস্থান নিয়েছে।

তবে এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্টের আগে হকি ফেডারেশনের সভাপতি এবং বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজমের কাছে বেশিরভাগ খেলোয়াড়ই পুল প্রথার বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেছিলেন। সে সময় সভাপতিও টুর্নামেন্টের পর বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন।