২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ ক্রিকেট থেকে ৩৩ ক্রিকেটার বহিস্কার

বেশি বয়সের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেট টুর্নামেন্ট থেকে ৩৩ ক্রিকেটারকে বহিস্কার করেছে। টুর্নামেন্টের কোয়ার্টাফাইনাল পর্বের আগে এই বহিস্কারের ঘটনা ঘটলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

রাজধানীর বিভিন্ন ভেন্যুতে বৃহস্পতিবার থেকে শুরু হবে টুর্নামেন্টের কোয়ার্টাফাইনাল পর্বের খেলা।

বিসিবি গেম ডেভলপমেন্ট কমিটির সদস্য সচিব আলী হোসেন বিডিনিউজকে জানিয়েছেন, বয়স বেশি প্রমানিত হওয়ায় ক্রিকেটারদের টুর্নামেন্ট থেকে বহিস্কার করা হয়েছে।

চিকিৎসক আনিস, তারেক (দন্ত বিশেষজ্ঞ) এবং মেহেদীর সমন্বয়ে গড়া একটি মেডিকেল টিম আটটি দলের ক্রিকেটারদের বয়স পরীক্ষা করেন বলে তিনি জানান।

আলী হোসেন জানান, এ বিষয়ে অংশগ্রহনকারী জেলা ক্রীড়া সংস্থাগুলোকে অনুরোধ করা হলেও তারা সেই অনুরোধ রক্ষা করেনি।

টুর্নামেন্টের আগে কেন বিষয়টি লক্ষ্য করা হয়নি এমন প্রশ্নের জবাবে আলী হোসেন জানান, বিসিবির জন্য বিষয়টি কষ্টসাধ্য হয়ে যায়, দেশের সবকটি দলের ক্রিকেটারদের বয়স পরীক্ষা করার মত তহবিল বিসিবির নেই।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সত্যিকার ট্যালেন্ট খুঁজে বের করা। যেনতেনভাবে শিরোপা লাভের জন্য বেশি বয়সের খেলোয়াড় মাঠে নামানোকে আমরা মেনে নিতে পারিনা।

বেশি বয়সের জন্য বহিস্কৃত ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বাদ পড়েছেন গাইবান্ধা থেকে। এই জেলার আট ক্রিকেটার টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন।

রাজশাহী এবং বরিশাল দল থেকে বাদ পড়েছেন ছয় জন করে ক্রিকেটার। এছাড়া কুমিল্লার পাঁচ, খুলনার চার, নারায়ণঞ্জর দুই এবং বিকেএসপি ও টাঙ্গাইলের একজন করে ক্রিকেটার বহিস্কৃত হয়েছেন।

চট্টগ্রাম, টাঙ্গাইল এবং চাঁদপুর দলের ক্রিকেটারদের মেডিকেল পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।