ভারতের বিরুদ্ধে জয় এনে দিলেন সারওয়ান
রামনরেশ সারওয়ানের অপরাজিত সেঞ্চুরির উপর ভর করে সফরকারী ভারতের বিরুদ্ধে তৃতীয় একদিনের অন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চার উইকেটের জয় পেয়েছে।
সেন্ট কিটসের ওয়ারনার পার্কে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ওভারের শেষ বলে জয় আদায় করে নেয় ক্যারিবীয়রা। ভারতের ২৪৫ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৪৮ রান করে জয় তুলে নেয়।
এই জয় ক্যারিবীয় ক্রিকেটের পুনজাগরণে সহায়তা করবে বলে উইন্ডিজ সমর্থকরা মনে করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচেও সফরকারী ভারত এক রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী হয়।
দিনের শুরুতে ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার পর ভারতীয় ব্যাটসম্যানরা ২৪৫ রান সংগ্রহ করে।
ম্যাচের প্রথম ওভারেই ক্যারিবীয় ফাস্ট বোলার ইয়ান ব্রাডশো ফিরিয়ে দেন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। সাহসীকতার সাথে ২৮ বলে ২৪ রান করে একই বোলারের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়ানে ফেরেন সুরেশ রায়না।
কিন্তু ক্রিজে অবিচল ছিলেন ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দ্র সেওয়াগ। তিনি ও মোহাম্মদ কাইফ ভারতীয় ইনিংসটি পুনরায় চাঙ্গা করে তোলেন। ব্যক্তিগত সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দুরে থাকতেই সেওয়াগকে প্যাভিলিয়ানে ফেরান ডোয়াইন ব্রাভো।
ম্যাচের ২৯ তম ওভারে ভারতের স্কোর দাঁড়ায় দুই উইকেটে ১৭৪ রান। কিন্তু মোহাম্মদ কাইফ, মহেন্দ্র সিং ধোনি ও ভেনুগোপাল রাও রান আউট হয়ে যাওয়ার কারণে দলীয় স্কোর ৩০০ রানে পৌঁছানে আর সম্ভব হয়নি। মোহাম্মদ কাইফ ৮৯ বলে ৬৩ রান করেন।
ইয়ান ব্রাডশো ও ডোয়াইন ব্রাভো উভয়ই দু’টি করে উইকেট তুলে নেন।
২৪৬ রান জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে আগারকার ও শ্রীশান্তের বোলিং তোপের মুখে পড়ে ক্যারিবীয় উদ্বোধনী ব্যাটসম্যানরা। স্যামুয়েল ও মরটন আউট হয়ে যাওয়ার পর দলীয় রানের চাকা সচল রাখেন ক্রিস গেইল ও রামনরেশ সারওয়ান। তৃতীয় উইকেট জুটিতে গেইল ও সারওয়ান ৮৫ রান যোগ করে। ব্যক্তিগত ৪০ রানের মাথায় আগারকারের বলে আউট হয়ে যান গেইল।
ভারতীয়দের বিরুদ্ধে আবারও ব্যর্থ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারা। স্পিনার হরভজনের বলে তিনি ধরাশায়ী হন।
কিন্তু জয়ের ক্ষুধা পেয়ে বসা ক্যারিবীয়দের পরাজয় থেকে টেনে তোলেন শিবনারায়ন চন্দরপল ও সারওয়ান। চন্দরপল ৫৮ রান করার পর পাঠানের বলে আউট হয়ে যান।
ম্যাচের শেষ বলে বাউন্ডারি হাকিয়ে সিরিজের দ্বিতীয় জয় এনে দেন ম্যাচ সেরা খেলোয়াড় রামনরেশ সারওয়ান। সারওয়ান ১১৫ রানে অপরাজিত ছিলেন।
এই জয়ের ফলে সিরিজে ২--১ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
