ফিটনেস পরীক্ষায় পার হতে পারলেন না টেন্ডুলকার
কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত না হওয়ায় আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না ভারতের মাষ্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের।
মঙ্গলবার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় ৩৩ বছর বয়স্ক ভারতের সফল এই টেস্ট ব্যাসম্যানের কার্যকর সার্ভিস থেকে বঞ্চিত হবে ভারত। ২ জুন থেকে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে।
ভারতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান কিরন মোরে এবং ভারতীয় দলের সাবেক ফিজিওথেরাপিস্ট অ্যান্ড্রু লেইপাসের সামনে নেটে ব্যাটিং করার কথা থাকলেও টেন্ডুলকার তা করতে পারেননি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পাদক নিরঞ্জন শাহ মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, শচিনের ওয়েস্ট ইন্ডিজ না যাওয়ার ব্যাপারে বোর্ড মোটামুটি নিশ্চিত, কারন বোর্ডের মতে শচিন এখনও টেস্ট খেলার মত শতভাগ ফিট নন।
অন্যদিকে গত এপ্রিলে পায়ে অস্ত্রোপচার হওয়া ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াসিম জাফর অবশ্য ফিটনেস টেস্টে উতরে গেছেন।
নিরঞ্জন শাহ আরও জানিয়েছেন, শচিন লন্ডনে অ্যান্ড্রু ওয়ালেসের সাথে তার ইনজুরি নিয়ে কথা বলবেন এবং তার চিকিৎসা চলতে থাকবে। শচিনের কাঁধে অস্ত্রোপচার করেছিলেন ওয়ালেস।
শাহ জানান, দুই -- তিন সপ্তাহ পর আবার শচিনের অবস্থা পর্যবেক্ষণ করে দেখা হবে। শচিন সেরে উঠলে এবং টিম ম্যানেজমেন্ট চাইলে তখন তাকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হবে।
মার্চের মাঝামাঝিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজ শহর মুম্বাইতে শেষ টেস্টের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন শচিন। মুম্বাই টেস্টের পরপরই তার কাঁধে অস্ত্রোপচার করা হয়।
দীর্ঘ ২০ বছর পর উপমহাদেশের বাইরে কোন টেস্ট সিরিজ জয়ের আশা নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করতে চেয়েছিল ভারত। কিন্তু টেন্ডুলকারের অনুপস্থিতিতে তাদের সেই আশা পূরণে বড় ধরনের বাধা পড়বে ধরেই নেয়া যায়।
ভারতের প্রথম সারির এই ব্যাটসম্যান গত ১০ মে নেটে হালকা অনুশীলনও করেছিলেন, তাছাড়া চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে পাঁচ দিন চলেছে তার কাঁধের পরীক্ষা নিরীক্ষা।
ডান হাতে এখনও দুর্বলতা বোধ করেন উল্লেখ করে শচিন সাংবাদিকদের জানান, তিনি এখনও কোন আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য প্রস্তুত নন।
‘আমি জানিনা কখন প্রস্তুত হতে পারবো, আমি ওয়ালেসের পরামর্শ গ্রহন করবো’- হতাশ টেন্ডুলকার এমনটাই বলেছেন সাংবাদিকদের কাছে।
ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে থাকা ভারতীয় দলের নিয়মিত ফিজিও জন গ্লস্টারের অনুপস্থিতিতে টেন্ডুলকারের তত্ত্বাবধানে রয়েছেন লেইপাস।
লেইপাস জানিয়েছেন, বৃহত্তর স্বার্থেই শচিনের ব্যাপারে তারা কোন ঝুঁকি নিতে চাচ্ছেন না।
গত ছয় বছর ধরে এই কাঁধের ইনজুরির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন শচিন। এছাড়া টেনিস এলবোর অস্ত্রোপচারের কারণে গত বছরের ছয় মাসই সাইডলাইনে থাকতে হয়েছে এই তারকা ব্যাটসম্যানকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা করা হবে বুধবার।
