জাতীয় যুব ক্রিকেটের চুড়ান্ত পর্বে আরও তিন দল
আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে উঠেছে আরও তিনটি দল। দলগুলো হচ্ছে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল এবং গাইবান্ধা।
সোমবার ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নারায়নগঞ্জ রনির অনবদ্য সেঞ্চুরির সুবাদে ১২৫ রানের বড় ব্যবধানে হারায় মাদারীপুরকে।
প্রথম ব্যাট করে নারায়ণগঞ্জ ৫০ ওভারে আট উইকেটে ২৪৫ রান করে। রনি ১২১ বলে নয়টি চার এবং পাঁচটি ছক্কার মাধ্যমে করেন ১৩০ রান।
জবাবে মাদারীপুর ১২০ রানেই গুটিয়ে যায়। বিজয়ী দলের হায়দার ২৬ রান খরচায় পাঁচ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন।
ময়মনসিংহ স্টেডিয়ামে টাঙ্গাইল ১৪০ রানে হারিয়েছে কিশোরগঞ্জকে। প্রথম ব্যাট করে টাঙ্গাইল সবকটি উইকেট হারিয়ে ২৫৩ রান করে। মারুফ ৭৮, আরাফাত ৪৩ এবং মামুন ৩৬ রান করেন।
জবাবে কিশোরগঞ্জ ১১৩ রানে অল আউট হয়ে যায়। বিজয়ী দলের ইমন এবং সাদি তিনটি করে উইকেট লাভ করেন।
নাটোর স্টেডিয়ামে গাইবান্ধা (১৩৫/৬) চার উইকেটে হারিয়েছে নওগাঁকে (১৩১/১০)।
এদিকে বগুড়া স্টেডিয়ামে বৃষ্টির বাধার কারণে রাজশাহী এবং ঠাকুরগাঁওয়ের মধ্যকার ম্যাচটি শেষ হতে পারেনি। বৃষ্টি শুরু হওয়ার আগে রাজশাহী নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২২৫ রান সংগ্রহ করে। খেলাটি মঙ্গলবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, সিলেট এবং বিকেএসপি ইতোমধ্যে টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে।
