জেদ্দায় ২৫, ২৬ মে পাকিস্তান - অবশিষ্ট এশিয়া একাদশ ক্রিকেট ম্যাচ
সৌদি আরবে ক্রিকেটের প্রসারে জেদ্দার আল আহলি স্টেডিয়ামে ২৫ ও ২৬ মে পাকিস্তান এবং অবশিষ্ট এশিয়া একাদশ দু’টি একদিনের প্রদর্শনী ম্যাচ খেলবে।
এশিয়া একাদশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার- শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক, শাহাদত হোসেন এবং আফতাব আহমেদ। প্রদর্শনী ম্যাচে অংশ নিতে মঙ্গলবার জেদ্দা উড়ে যাবেন এই চার ক্রিকেটার।
সৌদি আরবে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে প্রিন্স ড. ফয়সাল এবং সৌদি ক্রিকেট সেন্টারের (এসসিসি) প্রধান পৃষ্ঠপোষক প্রিন্সেস ঘাদা বিনতে হামাউদ বিন আব্দুল আজিজ আল সৌদের একান্ত আগ্রহে এই প্রদর্শনী ক্রিকেটের আয়োজন করা হয়েছে।
পাকিস্তান একাদশের নেতৃত্বে থাকবেন যথারীতি ইনজামাম উল হক। অন্যদিকে ভিভিএস লক্ষণের নেতৃত্বে অবশিষ্ট এশিয়া একাদশে ভারতের পাঁচজন ক্রিকেটার ছাড়াও শ্রীলঙ্কা এবং বাংলাদেশের চারজন করে ক্রিকেটার অর্ন্তভুক্ত হয়েছেন।
জেদ্দার আল আহলি স্টেডিয়ামে স্থাপিত ইংল্যান্ড থেকে আনা বিশেষ ধরনের অ্যাস্ট্রো টার্ফের উইকেটে দিবারাত্রির ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।
২৮ মে দেশে ফিরবেন বাংলাদেশের চার ক্রিকেটার।
পাকিস্তান একাদশ: ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান, সালমান বাট, ইমরান ফারহাত, কামরান আকমল, আব্দুল রাজ্জাক, দানিশ কানিরিয়া, মোহাম্মদ সামি, আরশাদ খান, ওমর গুল, নাঈম আহমেদ,। ম্যানেজার: সাঈদ ইবনে হায়দার।
এশিয়া একাদশ: ভিভিএস লক্ষণ, গৌতম গম্ভীর, ওয়াসিম জাফর, অজয় জাদেজা, ভেঙ্কটপতি রাজু (ভারত), রোশান মহানামা, রোমেশ কালুভিতারানা, কুমার ধর্মসেনা, দিলহারা ফার্নান্ডো (শ্রীলঙ্কা), মোহাম্মদ রফিক, শাহাদত হোসেন, আফতাব আহমেদ, শাহরিয়ার নাফিস (বাংলাদেশ)। ম্যানেজার: মীর ইরশাদ আলী।
