২০০৮ সালে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান
পাকিস্তানে এ বছর এশিয়া কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবার কথা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সফরসূচীর ব্যস্ততার কারণে আসরটি দু’বছর পিছিয়ে গেল।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এ তথ্য জানায়।
শ্রীলঙ্কার কলম্বো থেকে এসিসি’র প্রধান নির্বাহী আশরাফুল হক বলেন, “নবম এশিয়া কাপ আসর স্থগিত করাটা দুঃখজনক বিষয়। তবে নির্বাহী বোর্ডের সভা সিদ্ধান্ত হয়েছে টুর্নামেন্টটি ২০০৮ সালে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।”
নয়াদিল্লীতে ব্যস্ত থাকার কারণে এসিসি’র প্রেসিডেন্ট শারদ পাওয়ারের অনুপস্থিতিতে নির্বাহী বোর্ডের সভায় সভাপতিত্ব করেন এসিসি’র ভাইস--প্রেসিডেন্ট জয়কুমার না শাহ।
ছয় জাতির নবম এশিয়া কাপ পাকিস্তানে এ বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে খেলার লক্ষ্যে নিজেদের ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার জন্য ভারত টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায়।
ফেব্রুয়ারি ভারতীয় দল পাকিস্তান সফর শেষ করে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তিনি বলেন, “আমরা ভারতের অনুরোধের বিষয়ে সম্মান পোষণ করছি। তবে আমরা আশা করছি এখন থেকে টুর্নামেন্টটি নিয়মিত হবে।”
বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও ওমান ২০০৮ সালের এশিয়া কাপ আসরে অংশগ্রহণ করবে।
ভারতের সাথে রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তান কখনই এশিয়া কাপ আয়োজন করেনি। দু’বছর আগে শ্রীলঙ্কা শেষবার আয়োজন করেছিল এশিয়া কাপ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসরটির নির্দিষ্ট সময়সূচী অতি শীঘ্রই ঘোষণা করবে বলে আশরাফুল হক জানান।
