২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি ও সহনশীলতাকে সামনে রেখে বিশ্বকাপ ফুটবলে এক সাথে কাজ করবে ইউনিসেফ, ফিফা

‘শিশুদের জন্য একতা, শান্তির জন্য একতা’ শ্লোগানকে সামনে রেখে সারা বিশ্বে শান্তি ও সহনশীলতার বাণী ছড়িয়ে দিতে আসন্ন জার্মান বিশ্বকাপে একযোগে কাজ করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) আনুষ্ঠানিকভাবে যৌথ প্রচারণা শুরু করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 09:07 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

ফিফার পক্ষ থেকে বার্তা সংস্থা বিডিনিউজকে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হংয়, সম্প্রদায় ও ব্যক্তির পাশাপাশি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে শান্তির মূল্যবোধ ছড়িয়ে দিতে ফুটবলের সম্ভাবনাকে প্রচারণায় আলোকপাত করা হবে।

আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও বিশ্বাস প্রতিষ্ঠার জন্য খেলার গুরুত্বকে একটি মঞ্চ হিসেবে ব্যবহার করতে ফিফা ও ইউনিসেফ ২০০৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে হাত মিলিয়েছে। পাশাপাশি এর মাধ্যমে এমন একটি পরিবেশ সৃষ্টি করা হবে, যেখানে সহিংসতা, জবরদস্তি ও শোষণের ছাড়াই পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব।

এ ব্যাপারে ফিফা সভাপতি সেপ ব্লাটার বলেন, দুই সংগঠনের মধ্যে দীর্ঘদিনের জোট এবং শিশুদের অধিকার রক্ষা করতে আমাদের অভিন্ন লক্ষ্যের কারণে ইউনিসেফকে ২০০৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গুডউইল হিসেবে নির্বাচিত করা হয়েছে।

তিনি বলেন, খেলা বিশেষ করে ফুটবল যে একটি শান্তি প্রতিষ্ঠাকারী অনুশীলন ও শৈশবের একটি বিশেষ অংশ জুড়ে রয়েছে এবং বিশ্বকে আরও ভালো জায়গায় পরিণত করতে এটি অবদান রাখতে পারে- তা ছড়িয়ে দিতে ফিফা ইউনিসেফের সাথে কাজ করতে পেরে আনন্দিত।

ইউনিসেফের শুভেচ্ছা দূত ডেভিড বেকহ্যাম এবং আরও ১৪ জন আন্তর্জাতিক ফুটবলারকে নিয়ে গঠিত ‘টিম ইউনিসেফ’ বিশ্বকাপের আগে প্রচারণার পক্ষে কাজ করবেন। টুর্নামেন্টের ৬৪টি ম্যাচের প্রতিটির আগে এমটিভির তৈরিকৃত অনুষ্ঠানটি প্রচার করা হবে।

টিম ইউনিসেফের সদস্যরা হলেন- ডেভিড বেকহ্যাম (ইংল্যান্ড), এমানুয়েল এডিবেয়র (টোগো), ক্রিস্টোফ মেটজেলডার (জার্মানি), ডিডিয়ার দ্রোগবা (আইভরিকোস্ট), থিয়েরি অঁরি (ফ্রান্স), টিম হাওয়ার্ড (ইউএসএ), রাফায়েল মারকুয়েজ (মেক্সিকো),  লিওনেল মিসি (আর্জেন্টিনা), হিদেতোশি নাকাতা (জাপান), জি সাং পার্ক (কোরীয় প্রজাতন্ত্র), এডোয়ারডো টেনোরিও (ইকুয়েডর), ফ্রান্সিসকো টোট্টি (ইতালি), এডউইন ভ্যান ডার সার (দ্যা নেদারল্যান্ড), পাওলো ওয়ানচোপ (কোস্টারিকা) এবং ডুইয়ট ইয়র্ক (ত্রিনিদাদ ও টোবাগো)।