২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী ‘ক্রিকেট মেধার খোঁজে’ কর্মসূচি কিশোরগঞ্জ থেকে শুরু

‘সম্ভাবনা তোমার মাঝে’ শ্লোগানের মধ্য দিয়ে দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিশ্রুতিশীল ক্রিকেট খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে শুক্রবার কিশোরগঞ্জ থেকে শুরু হয়েছে ‘ক্রিকেট মেধার খোঁজে’ কর্মসূচি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 07:24 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

জেলার গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শুক্রবার ফাইভ পি ইভেন্টসের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘ক্রিকেট মেধার খোঁজে’ কর্মসূচির অধীনে কিশোরগঞ্জ অঞ্চলের ক্রিকেটার বাছাই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-- জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী, ওসমান খান ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমএ বারী খান।

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ফাইভ পি ইভেন্টসের সভাপতি ও সাবেক ক্রিকেটার লুৎফুল্লাহ হোসাইন পাভেল।

এ সময় নাইমুর রহমান দুর্জয়, তালহা জোবায়ের, হান্নান সরকার, সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন লিটন, মাহমুদুল আলম হাসান (বিকাশ রানা), তারেক আজিজ, আল শাহরিয়ার রোকন, মাসুদুর রহমান, ইমরান পারভেজসহ জাতীয় দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেটার্স কল্যাণ সমিতির নির্বাচন ও বাছাই পরিচালনায় জেলার ৫৯২ জন খেলোয়াড় এতে অংশ নেন।

‘ক্রিকেট মেধার খোঁজে’ পৃষ্ঠপোষকতা করছে দ্য পিংক সিটি এবং আল হাসান গ্রুপ।

সুনামগঞ্জে ২১ মে, হবিগঞ্জে ২২ মে এবং ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ মে ‘ক্রিকেট মেধার খোঁজে’ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

প্রতিটি অঞ্চল থেকে কমপক্ষে তিনজন করে ক্রিকেটার নির্বাচিত করা হবে। প্রাথমিকভাবে মনোনীতদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ দেওয়ার পর সেখান থেকে আবার ৩০ জনকে নির্বাচত করা হবে। সর্বশেষ ১৫ জন ক্রিকেটার ঢাকায় ছয়মাসের নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।