ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফরের প্রথম ম্যাচে জয় পেল ভারত
অধিনায়ক রাহুল দ্রাবিড়ের সেঞ্চুরির উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃষ্টি বিঘিœত একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাঁচ উইকেটে পরাজিত করেছে। ওয়েস্ট ইন্ডিজের ২৫১ রানের জবাবে ৪৪ দশমিক ৫ ওভারে ২৫৪ রান সংগ্রহ করে ভারত।
দ্রাবিড় ১০২ বল মোকাবেলা করে ১০৫ রান করেন। এটা তার ক্যারিয়ারের ১২ তম সেঞ্চুরি। তিনি চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ কাইফের সাথে ১২৩ রান সংগ্রহ করেন। কাইফ ব্যক্তিগত ৬৬ রানে অপরাজিত থাকেন।
কিংস্টোনে সাবিনা পার্কে টস জিতে ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আহবান জানান। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। ফলে আম্পায়ার ৪৫ ওভারে খেলা চালানোর সিদ্ধান্ত দেন।
৬ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় উইদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইস ১২৩ রান করেন যার মধ্যে বাউন্ডারি রয়েছে ১৮ টি এবং ছক্কা ২ টি। সকালে ভারতীয় পেস আক্রমণভাগের বিরুদ্ধে তিনি বিধ্বংসী রূপ ধারন করেন।
ভারতীয় ফাস্ট বোলার অজিত আগারাকার ৩৮ রানের বিনিময়ে দু’টি এবং পাঠান, প্যাটেল ও হরভজন সিং একটি করে উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমেই দলীয় ৪৬ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বসে ভারত। কিন্তু দ্রাবিড় ও কাইফের দৃঢ়তায় ম্যাচে ফিরে আসে সফরকারী ভারত। দ্রাবিড়কে ফিরিয়ে দেন উইন্ডিজ বোলার ব্রাভো।
ক্যারিবীয় বোলারদের মধ্যে ইয়ান ব্রেডশো ও ব্রাভো দু’টি করে উইকেট তুলে নেন।
ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যেকার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ সাবিনা পার্কে শনিবার অনুষ্ঠিত হবে।
