২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ সর্তকাবস্থায় বিশ্বকাপ নিরাপত্তা ইউনিট

জার্মানি ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে ৯ জুন। চুড়ান্ত মুহূর্তের এখনও বাকি তিন সপ্তাহ। কিন্তু বিশ্ব্কাপের নিরাপত্তা নিশ্চিত করতে ঘুম নেই বিশেষ নিরাপত্তা ইউনিটের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বৃহস্পতিবার থেকেই বিশ্বকাপ নিরাপত্তা ইউনিট তাদের ২৪ ঘন্টার নিরাপত্তা তদারকি কাজ শুরু করেছে।

সম্ভাব্য সব ধরনের সন্ত্রাসী হামলার হুমকি এড়াতে জার্মান পুলিশ, বিভিন্ন নিরাপত্তা সংস্থা, আন্তর্জাতিক পুলিশ সংগঠন ইন্টারপোল, ইউরোপিয়ান ইউনিয়নের অপরাধ বিরোধী সংগঠন ইউরোপোল এবং ইউরোজাস্টের ১২০ জন চৌকস কর্মকর্তা বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের একজন মুখপাত্র জানিয়ছেন, হুলিগানিজম থেকে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদ থেকে বিভিন্ন অপরাধ দমনে এটা বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তার পুরো একটি চিত্র।

বিশ্বকাপে অংশগ্রহনকারী দল এবং সমর্থকদের আগমন থেকে শুরু করে ৯ জুন উদ্বোধনী ম্যাচের আগে কোন গুরুতর ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন বলে জানান মুখপাত্র। প্রথম দল হিসেবে টোগো ইতোমধ্যে জার্মানি পৌঁছে গেছে।

এ সপ্তাহে একটি জার্মান সাপ্তাহিকে প্রকাশিত বিশ্বকাপের ২১ টি ম্যাচ সন্ত্রাসী হামলার হুমকির মুখে শীর্ষক খবরটিকে পাত্তাই দেয়নি সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রনালয়। কিন্তু কোস্টারিকার বিরুদ্ধে মিউনিখে স্বাগতিকদের উদ্বোধনী ম্যাচটি যে সন্ত্রাসী হামলার হুমকিতে রয়েছে সেটা সম্পর্কে মন্ত্রনালয় অবগত রয়েছে।

বিশ্বকাপের ৩২ টি দলের মধ্যে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, সৌদি আরব এবং তিউনিসিয়ার ম্যাচগুলোতে আল কায়েদা অথবা সমমনা সন্ত্রাসী দলগুলো হামলার চালাতে পারে।

ইরাক এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রে মিত্র হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, জাপান, চেক রিপাবলিক, জার্মানি, ফ্রান্স, স্পেন এবং নেদারল্যান্ডের সক্রিয় অংশগ্রহন রয়েছে।

জার্মান কর্তৃপক্ষ বিশ্বকাপে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে জঙ্গী সংগঠন পিপলস মুজাহেদিনকে নিয়ে ইরানের সাথে আলোচনাও করেছে। যুক্তরাষ্ট্রের তৈরী জঙ্গী সংগঠনগুলোর তালিকায় পিপলস মুজাহেদিনের নাম রয়েছে।

বিশ্বকাপের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত বার্লিনে দিনে দুইবার পালা করে চলছে নিরাপত্তা ব্যবস্থার কাজ।

বিশ্বকাপের ১২ টি ভেন্যুর ৬৪ টি ম্যাচে তিন মিলিয়ন দর্শকের সমাগম হবে আশা করছেন আয়োজকরা। এর মধ্যে অর্ধেকই বিদেশী দর্শক এবং এদের অধিকাংশই টিকিট ছাড়াই আসবে খেলা দেখতে।