চট্টগ্রাম স্টেডিয়ামে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার তদন্ত প্রতিবেদন পেশ
চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ১৬ এপ্রিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালীন পুলিশের হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেছেন।
কমিটির সভাপতি তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মীর মোশাররফ হোসেন ২০ জন সাংবাদিককে ক্ষতিপূরণ প্রদানের সুপারিশ সম্বলিত প্রতিবেদন মন্ত্রীর কাছে পেশ করেন। প্রতিবেদনে সাংবাদিকদের মোট ১৪ লাখ ৩৬ হাজার ৩৯৭ টাকা ক্ষতিপূরণ প্রদানের সুপারিশ করা হয়েছে।
তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম অল্প সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করা জন্য কমিটিকে ধন্যবাদ জানান। তিনি চট্টগ্রামের ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তথ্য উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তথ্য সচিব ব্যারিস্টার মুহম্মদ হায়দার আলী, কমিটির সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হক, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহম্মদ মীরু, দৈনিক ইনকিলাবের ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান সোহাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের উপসচিব ও কমিটির সদস্য সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
