অস্ট্রেলিয়ায় উন্নত প্রশিক্ষণ গ্রহন করবেন দুই ক্রিকেটার
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার স্কলারশিপ প্রোগ্রামের আওতায় দুই প্রতিভাবান ক্রিকেটার- ইশরাক সনেট এবং সিরাজুল্লাহ খাদেম ডারউইনে উন্নত প্রশিক্ষণ গ্রহন করবেন। এ লক্ষ্যে দুই ক্রিকেটার বুধবার ঢাকা ত্যাগ করবেন।
সনেট এবং খাদেম অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি ক্রিকেট এবং নর্দান টেরিটরি ইন্সটিটিউট অব স্পোর্টসের অধীনে ১৮ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহন করবেন। প্রশিক্ষণ পরিচালনা করবেন কোচ এবং বায়ো মেকানিষ্ট জন হার্মার।
একই কর্মসূচীর আওতায় এর আগে ২০০৫ সালে পেসার সৈয়দ রাসেল এবং মেহরাব হোসেন জুনিয়র প্রশিক্ষণ গ্রহন করেছেন।
এদিকে কমনওয়েলথ ব্যাংক সেন্টার অব এক্সেলেন্স প্রোগ্রামের আওতায় দেশের দুই প্রতিভাবান অলরাউন্ডার সাকিব আল হাসান এবং নাজমুস সাদাত বর্তমানে অস্ট্রেলিয়ায় চার সপ্তাহের প্রশিক্ষণে রয়েছেন। ৪ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে।
