চেলসিতে জার্মান অধিনায়ক মাইকেল বালাক
জার্মানির জাতীয় ফুটবল দলের অধিনায়ক মাইকেল বালাককে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ২৯ বছর বয়সি বালাকের সাথে জার্মান ক্লাব বার্য়ান মিউনিখের চুক্তি শেষ হয়ে যাওযার পর এই গ্রীষ্ম মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে বালাককে দলে জায়গা দিলেন চেলসির কোচ মরেনহো।
আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইডেটও তাকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু মাইকেল বালাক চেলসির সাথেই তিন বছরের চুক্তির মাধ্যমে ইংলিশ লিগে খেলা নিশ্চিত করলেন।
বালাক বলেন, “ইংল্যান্ড দেশটি কেমন কয়েকজন খেলোয়াড়কে আমি জিজ্ঞাসা করেছিলাম। তারা দেশটির ভাল বিষয়গুলো আমাকে জানিয়েছে। এখানে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত।”
বালাক বার্য়ান মিউনিখে চার বছর থাকা অবস্থায় তিনবার জার্মান লিগ শিরোপা জয়ে অবদান রাখেন।
তবে চেলসির একাদশে জায়গা করে নিতে বালাককে ফ্রাঙ্ক ল্যামপার্ড, ক্লাউডি ম্যাকলেলে এবং মাইকেল এসিয়েনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
জার্মান মিডফিল্ডার মাইকেল বালাকের ক্যারিয়ার শুরু হয় চেমাতিজ ক্লাবে এবং বার্য়ান মিউনিখে যোগদানের আগে তিনি কাইজারস্লটার্ন ও বায়ের লিভারকুসেন ক্লাবে খেলেন।
২০০২, ২০০৩ ও ২০০৫ সালে তিনি জার্মানির বর্ষসেরা ফুটবলার মনোনীত হন।
