২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ জুলাই থেকে ৩১ আগস্ট পেশাদার ফুটবল লিগের দলবদল

সেপ্টেম্বরে দেশে প্রথমবারের মত আয়োজিত হবে বহুল প্রতিক্ষীত পেশাদার ফুটবল লিগ। তবে এই লিগের চাইতেও বেশি প্রতিক্ষীত ফুটবলারদের দলবদল কার্যক্রম শুরু হবে ১৫ জুলাই থেকে। দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক নির্বাহী সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় ১২ টি দল নিয়ে প্রথমবারের মত পেশাদার লিগ চালুর ব্যাপারে সিদ্ধন্ত নেওয়া হয়। ১২ টি দলের মধ্যে ঢাকার সাতটি, চট্টগ্রামের দু’টি এবং সিলেট, খুলনা থেকে একটি করে দল ও ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহন করবে।

লিগে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া সংঘ, শেখ রাসেল ক্রীড়া চক্র, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্র, চট্টগ্রাম মোহামেডান, খুলনা আবাহনী এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা।

সিলেটের পক্ষ থেকে কোন কাগজপত্র না পাওয়ায় অংশগ্রহনকারী দলের নাম সভায় ঘোষণা করা সম্ভব হয়নি।

বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারল হক হেলাল জানান, ৬০ থেকে ৭০ লাখ টাকা ব্যয়ে দল গঠন করতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন ১২ টি দল আমরা নির্বাচন করেছি। ফরিদপুর জেলা তাদের দল গঠনের জন্য পাঁচ থেকে ছয়টি বড় পৃষ্ঠপোষক পাবে বলে জানিয়েছেন হেলাল।

এদিকে পেশাদার লিগের ব্যাপারে ধারনা দিতে এএফসির কয়েকটি প্রতিনিধি দলের সহযোগিতায় ফুটবল ফেডারেশন লিগে অংশগ্রহনকারী দলগুলোর জন্য ২৯ মে একটি কর্মশালার আয়োজন করবে।

সভায় কাজী সালাহউদ্দিনকে প্রধান করে একটি দশ সদস্য বিশিষ্ট পেশাদার লিগ কমিটি গঠন করা হয়।

এছাড়া এএফসি চ্যালেঞ্জ কাপে জাতীয় দলের ব্যর্থতা খুঁজে বের করতে তদন্ত কমিটির রিপোর্ট নিয়েও আলোচনা হয়।

তদন্ত কমিটির রিপোর্টে চ্যালেঞ্জ কাপে ব্যর্থতার জন্য ফুটবল ফেডারেশন, টিম ম্যানেজমেন্ট কমিটির কতিপয় সদস্য, কোচ, কয়েকজন সিনিয়র ফুটবলার, এবং দলের ম্যানেজার নিয়োগের পদ্ধতিকে দায়ী করা হয়।

তদন্ত প্রতিবেদনে একটি শক্তিশালী জাতীয় দল গঠন করতে অনুর্ধ্ব ১৫, ১৭, ২০ এবং ২৩ এর মত বয়স ভিত্তিক দলগুলোর দিকে বেশি মনোযোগী হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।