২০ জেলায় শুরু হচ্ছে ক্রিকেট প্রতিভা বাছাই কার্যক্রম
ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ফাইভপি এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিডব্লিউএবি) যৌথভাবে দেশের ২০টি জেলায় শুরু করতে যাচ্ছে ক্রিকেট প্রতিভা বাছাই কার্যক্রম।
১৯ মে কিশোরগঞ্জ থেকে ‘পিংক সিটি ক্রিকেট মেধার খোঁজে’র ব্যনারে শুরু হচ্ছে এই কার্যক্রম।
পর্যায়ক্রমে দেশের আরও ১৯ টি জেলায় এই কার্যক্রম চালানো হবে বলে সোমবার সাংবাদিকদের জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আর এই কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রিয়েল এস্টেট কোম্পানী পিংক সিটি এবং মার্কেটিং এজেন্ট আল হাসান।
বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক এবং সিডব্লিউএবি সম্পাদক নাঈমুর রহমান দুর্জয়, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদুর রহমান (বিকাশ রঞ্জন দাশ), কোচ জালাল আহমেদ চৌধুরী, ফাইভপি চেয়ারম্যান লুৎফুল হোসেন, আল হাসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল হাসানও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সুজন বলেন, দেশের ক্রিকেটের স্বার্থেই আমরা ফাইভপি’র সহযোগিতায় এই কার্যক্রম শুরু করেছি এবং আশা করছি এর মধ্য দিয়ে ভবিষ্যতের তারকারা বেরিয়ে আসবে।
জালাল চৌধুরী বলেন, জাতীয় পর্যায়ে অংশগ্রহন নেই এমন ২০ টি অনুন্নত জেলাকে আমরা এই ট্যালেন্ট হান্টের জন্য বেছে নিয়েছি।
এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের চুড়ান্ত পর্বে জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ কোচ এবং ক্রিকেটাররা কারিগরি সহায়তা দেবেন বলে জানান নাঈমুর রহমান।
২০টি ভেন্যুতে দিনব্যাপী কার্যক্রমের জন্য কমপক্ষে তিনজন করে ক্রিকেটার বাছাই করা হবে। আর এই বাছাই করার কাজটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য জালাল আহমেদ চৌধুরী, ওসমান খান, সুজন, দুর্জয়, সাইফুল ইসলাম, রোকনসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এবং কোচের সমন্বয়ে গঠিত নির্বাচক প্যানেল প্রতিটি ভেন্যু চষে বেড়াবেন।
প্রাথমিক পর্বের পর দ্বিতীয় পর্ব থেকে ৩০ জন ক্রিকেটারকে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচন করা হবে। ঢাকায় মাসব্যাপী চুড়ান্ত পর্বের অনুশীলনে সুযোগ পাবেন ১৫ জন ক্রিকেট প্রতিভা।
যেসব জেলায় ক্রিকেট প্রতিভা খোঁজার কার্যক্রম চলবে সেগুলো হচ্ছে- কিশোরগঞ্জ (১৯ মে), সুনামগঞ্জ (২১ মে), হবিগঞ্জ (২২ মে), ব্রাহ্মণবাড়িয়া (২৩ মে), পটুয়াখালী (২৫ মে), ঝালকাঠি (২৬ মে), বাগেরহাট (২৭ মে), মাদারীপুর (২৯ মে), কুষ্টিয়া (১ জুন), মাগুরা (২ জুন), কক্সবাজার (৫ জুন), রাঙ্গামাটি (৭ জুন), ফেনী (৮ জুন), লক্ষ্মীপুর (৯ জুন), ঠাকুরগাঁও (১৪ জুন), রংপুর (১৫ জুন), নওগাঁ (১৭ জুন), সিরাজগঞ্জ (১৮ জুন), জামালপুর (২২ জুন) এবং মানিকগঞ্জ (২৪ জুন)।
