২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া একাদশে বাংলাদেশের চার ক্রিকেটার

পাকিস্তানের বিরুদ্ধে দু’টি একদিনের প্রদর্শনী ম্যাচে অবশিষ্ট এশিয়া একাদশে অর্ন্তভুক্ত হয়েছেন বাংলাদেশের চার টেস্ট ক্রিকেটার- শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক, শাহদাত হোসেন এবং আফতাব আহমেদ।     

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 05:21 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সৌদি আরবের জেদ্দায় ১৮ এবং ১৯ মে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে ২৫ এবং ২৬ মে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সদরুল সোমবার বিডিনিউজকে জানান, ম্যাচ দু’টির নতুন তারিখ বোর্ড অবগত হয়েছে।

বাঁ হাতি উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের অর্ন্তভুক্তির কারণ হিসেবে তিনি জানান, আয়োজকরা বাংলাদেশ থেকে একজন উদ্বোধনী ব্যাটসম্যান চাওয়ায় বোর্ড শাহরিয়ার নাফিসের নাম প্রস্তাব করেছে।

এর আগে ইনজুরির কারণে বাদ পড়া পেসার মাশরাফি বিন মুর্তজার জায়গায় দলে টানা হয়েছে পেসার শাহাদত হোসেনকে।

এশিয়া একাদশের অন্য সদস্যরা হচ্ছেন- ভিভিএস লক্ষণ, অনিল কুম্বলে, গৌতম গম্ভীর, অজয় জাদেজা (ভারত), সনথ জয়সুরিয়া, রোমেশ কালুভিতারানা এবং কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)।

অবশিষ্ট এশিয়া একাদশের বিরুদ্ধে দু’টি ওয়ানডে ম্যাচে পুরোশক্তির পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ইনজামাম উল হক।